নড়াইলে পুড়ল ৪ দোকান

ছবি: আগামীর সময়
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে আগুনে পুড়েছে চারটি দোকান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটে এই অগ্নিকাণ্ড। পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি হার্ডওয়ার ও তিনটি আসবাবপত্রের। দোকানমালিকদের দাবি, ক্ষতি হয়েছে প্রায় ১৩ লাখ টাকার।
লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহাগউজ্জামান নিশ্চিত করেছেন এ ঘটনা। জানিয়েছেন, এক ঘণ্টার চেষ্টায় নেভানো হয়েছে আগুন।
ব্যবসায়ীদের বরাত দিয়ে সোহাগ বলেছেন, ‘সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা আমাদের।’
ব্যবসায়ীরা জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পাশের একতা ফার্নিচারে ছড়িয়ে পড়ে। স্থানীয় মসজিদ থেকে আগুনের খবর মাইকিং করা হলে তা নেভানোর চেষ্টা করেন স্থানীয় ব্যবসায়ী ও আশেপাশের লোকজন।
তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে জানা যাবে বলে মন্তব্য ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহাগউজ্জামানের।




