টঙ্গীতে পাইপ চুরির অভিযোগে দুই ভাইকে পিটুনি

চুরির অভিযোগে দুই ভাইকে মারধর
গাজীপুরের টঙ্গীতে এসএস পাইপ চুরির অভিযোগে দুই ভাইকে ধরে মারধর করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার ভোরে টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই ভাই হলেন, সাকিব (৩১) ও রাকিব (২২)। তারা পূবাইলের আড়াইবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন।
স্থানীয়রা জানিয়েছে, আজ ভোর ৪টা থেকে ৫টার মধ্যে সাকিব ও রাকিব একটি অটোরিকশা নিয়ে শিলমুন দক্ষিণপাড়া এলাকায় যান। তাদের একজন চালক ও অন্যজন যাত্রী সেজে জামাল উদ্দিনের মালিকানাধীন একটি ৩ তলা ভবন থেকে এসএস পাইপ নামাতে থাকেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের হাতেনাতে ধরে ফেলেন। একপর্যায়ে উত্তেজিত জনতা দুই ভাইকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই ভাইকে উদ্ধার করে। প্রথমে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুই ভাইকে উদ্ধার করা হয়। তাদের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য বাবা আলমগীর হোসেনের জিম্মায় কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।




