বজ্রপাতে কাপাসিয়ায় স্কুলের ১৪ শিক্ষার্থী আহত

ছবি: আগামীর সময়
গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ছয়জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘাগটিয়া ইউনিয়নের সিংগুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও তখন বৃষ্টি হচ্ছিল না। এর মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বিদ্যালয়ের পাশে বিকট শব্দে বজ্রপাত হলে কয়েকজন শিক্ষার্থী আহত ও অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, দুপুরে বৃষ্টি ছাড়াই আকাশে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ বিদ্যালয়ের পাশে বিকট শব্দে বজ্রপাত হলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় শিক্ষার্থীদের উদ্ধার করে ১৪ জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন ছয় শিক্ষার্থী হলো ষষ্ঠ শ্রেণির রাজিয়া ইসলাম রাইসা ও সাহিদা, সপ্তম শ্রেণির হালিমা তুজ সাদিয়া ও সুমাইয়া আক্তার জেরিন এবং অষ্টম শ্রেণির ফাতেমা ও সানজিদা ইসলাম।
প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ষষ্ঠ শ্রেণির ফারজানা, আনিশা ও ইলমা; সপ্তম শ্রেণির মারিয়া ও তানজিলা; অষ্টম শ্রেণির হাফসা ও তৈয়বা এবং নবম শ্রেণির সুমাইয়া আক্তার।
তবে স্থানীয়দের হিসাবে, বজ্রপাতে আহত শিক্ষার্থীর সংখ্যা ২০-২৫ জন। অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ হাসপাতালে পাঠানো ১৪ শিক্ষার্থীর তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নেওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।



