মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সমৃদ্ধ দেশ গড়তে আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য : খন্দকার মারুফ

সোমবার সকালে মেঘনা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। ছবি : আগামীর সময়
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত স্বনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অপরিহার্য। এর কোনো বিকল্প নেই।
সোমবার সকালে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেছেন, অপরাধীর কোনো দল বা আদর্শ নেই। সে শুধু অপরাধী। তারা দেশ ও জাতির শত্রু এবং নিরাপদ বাংলাদেশ গড়ার পথে বড় বাধা। সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপরাধীদের দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
অপরাধীরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে জন্য কঠোর আইনগত ব্যবস্থা নিতে মেঘনার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন খন্দকার মারুফ।
ড. খন্দকার মারুফ বলেছেন, একটি প্রযুক্তিনির্ভর, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে। দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, যা এখন জনগণের কাছেও দৃশ্যমান।
তিনি বলেছেন, জনগণ উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অত্যন্ত জরুরি।
বিএনপির এই নেতা আরও বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকার চরম দুঃশাসন, জুলুম ও নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারেক রহমান সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে জনগণকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন। আগামী দিনে তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, সদস্যসচিব মো. সালাহউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরীনসহ অন্যরা।
সভায় খন্দকার মারুফ বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের কল্যাণে যুগান্তকারী উন্নয়ন হয় এবং জনগণ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে।
তিনি বলেছেন, এবারও বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। মানুষ এসব কাজের সুফল পেতে শুরু করেছে। কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার প্রবর্তিত কৃষক ও জনবান্ধব ‘খাল খনন কর্মসূচি’ আবারও চালু করেছে সরকার। এতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
অসহায়, দুস্থ ও কৃষক পরিবারের কল্যাণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
খন্দকার মারুফ বলেছেন, গত ছয় মাসে তারেক রহমান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে তিনি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাকে ঘিরে জনগণ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন দেখছে।
সভায় মেঘনা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল চাঁদাবাজি ও সন্ত্রাস দমন, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, হাটবাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদার করা।
মেঘনা উপজেলার সরকারি কর্মকর্তাদের উদ্দেশে খন্দকার মারুফ বলেছেন, ‘আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে জনস্বার্থ রক্ষা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। নতুবা জনগণের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে।’
তিনি আরও বলেছেন, কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য জনগণ মেনে নেবে না।






