মাসকাট ফেরত যাত্রীর ব্যাগে ৫৩৪ গ্রাম সোনা

উদ্ধার করা সোনা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৩৪ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ, ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের যৌথ দল আজ শুক্রবার সকালে মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্নালঙ্কার উদ্ধার করে।
হাসান মুরাদকে আটক করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগরে। উদ্ধার করা সোনার মধ্যে ১০৬ গ্রাম অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম সোনার পেস্ট রয়েছে। এসব সোনা থেকে প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায়যোগ্য বলে জানিয়েছে কাস্টমস।
জানা গেছে, শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে সালাম এয়ারের (OV-401) একটি ফ্লাইটে মাসকাট থেকে চট্টগ্রামে আসেন মোহাম্মদ হাসান মুরাদ। কাস্টমস হলের স্ক্যানিং শেষ করে বের হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে থামিয়ে ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব সোনা পাওয়া যায়।
বিমানবন্দর সূত্র জানায়, সোনাগুলো এমনভাবে ব্যাগেজের মধ্যে লুকানো ছিল, যাতে কাস্টমসের স্ক্যানিংয়ে তা সহজে ধরা না পড়ে। পরে সন্দেহের ভিত্তিতে ব্যাগ খুলে তল্লাশি করায় সোনাগুলো উদ্ধার হয়।
উদ্ধার করা সোনার পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।



