যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

যশোর জেনারেল হাসপাতাল। ছবি: আগামীর সময়
যশোর সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলায় যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন। অন্য একজনের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার নাম আরিফুল ইসলাম জয়। তার বাবার নাম শহিদুল ইসলাম। পরিচয়পত্রে ঠিকানা উল্লেখ আছে যশোর পৌরসভার শংকরপুর এলাকার বেজপাড়ার পিয়ারী মোহন রোড। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
আহত দুজন হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। নতুনহাট মোড় পেরিয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি হলো যশোর ল-১২-৭৭৩৪ নম্বরের একটি পালসার এবং নড়াইল ল-১১-১৭৩৬ নম্বরের একটি হোন্ডা হরনেট। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্য দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, আরিফুল ইসলাম জয়ের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।




