খুলনায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক আহত

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় অন্য এক মেয়ের সঙ্গে কথা বলা নিয়ে মনোমালিন্যের জেরে প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক প্রেমিকার বিরুদ্ধে।
আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর খালিশপুরের আলমনগর বাজারসংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার নজরুল ইসলামের ছেলে। অভিযুক্ত কিশোরীও একই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী (১৯)। তিনি নগরীর সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অনিকের সঙ্গে কিশোরীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জের ধরে সোমবার সকালে আলমনগর বাজারের কাছে পালপাড়া এলাকায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসায় ব্যবহৃত ছোট একটি ছুরি দিয়ে তিনি অনিকের পেটে আঘাত করেন।
খালিশপুর থানার ওসি শাহজাহান আহমেদ বলেছেন, তারা দুজনই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সহপাঠী। প্রেমের সম্পর্ক নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। মেয়েটি কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধয়ানে রয়েছেন বলেও জানান তিনি। তবে ছুরিকাঘাতে অনিক গুরুতর আহত হননি। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর অনিক থানায় গিয়ে বিষয়টি জানান। তবে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি। সন্ধ্যায় দুপক্ষের মধ্যে মিটমাট হয়ে যাওয়ায় মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়েছে।




