পলাতক শক্তিকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই: সাঈদ আল নোমান

‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ সমাবেশ ও গণমিছিল শেষে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান
প্রত্যাখ্যাত বিতাড়িত পলাতক কোনো শক্তিকে অপ্রয়োজনীয় গুরুত্ব না দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সংসদ সদস্য সাঈদ আল নোমান।
‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ চট্টগ্রাম-১০ নির্বাচনী আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ ও গণমিছিল কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার বিকালে নগরীর লালখান বাজার মোড়ে সমাবেশের পর শুরু হওয়া মিছিল ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানেও সমাপনী বক্তব্য দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বললেন, ‘রাজনীতি আমাদের কাছে উন্নয়নের। রাজনীতি আমাদের কাছে ইবাদতের। জনসেবার। আমরা জনগণের পাশের থাকলে জনগণও আমাদের পাশে থাকবে। তখন আর ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারবে না। প্রতিবাদ প্রতিরোধ প্রতিহত করার বিষয়ও থাকবে না। আমরা শুধু মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকব। দল, ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব।’
‘আমাদের কাছে দেশ এবং দেশের মাটিই মুখ্য। কোনো পলাতক শক্তি কোনো ফ্যাসিস্ট কোনো প্রত্যাখ্যাত বিতাড়িত কাউকে নিয়ে বেশি আলোচনা করে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকায় এলাকায় যেসব ফ্যাসিস্ট এখনো মাথাচাড়া দিতে চাচ্ছে তাদের প্রতিরোধ-প্রতিহত করতে হবে রাজনীতির মাধ্যমে। কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেব না।’
পলাতক ফ্যাসিস্ট শক্তি বোমাবাজি করছে উল্লেখ করে তিনি বললেন, ‘তারা আমাদের ছোট ছোট সন্তানদের হাতে ককটেল, পটকা, বোমা তুলে দিচ্ছে। অথচ তাদের হাতে বই থাকার কথা। দু-চারজন ছোট সন্তানকে দিয়ে বোমাবাজি করে, পটকা ফাটিয়ে তাণ্ডব করে কী ফজিলত তারা অর্জন করতে চায় জানি না। শিশুদের জীবন ধ্বংস করে দিচ্ছে শুধু। তারা জালিম। তাদের রাজনীতি জালিমের রাজনীতি। মানবতা, উন্নয়ন আর মানুষের রাজনীতির মাধ্যমে জালিমের রাজনীতি ধ্বংস করে দিতে হবে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, এম এ সবুর, সৈয়দ আজম উদ্দিন, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, এস কে খোদা তোতন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল প্রমুখ।



