কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ কমানোর নির্দেশ শাহাদাতের

ছবি: আগামীর সময়
নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার সোলতান আহমেদ কলেজ রোডের চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। সম্প্রতি সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে প্রশাসক জানিয়েছেন, নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, নাগরিকদেরও। প্রতিটি দোকানের সামনে ময়লা ফেলার ঝুড়ি রাখতে হবে। দোকানের সামনে বর্জ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকানদারকে জরিমানা করা হবে।
অতিবৃষ্টির পাশাপাশি নগরের বিভিন্ন খালে খনন ও উন্নয়নকাজ চলায় কিছু এলাকায় পানি চলাচলে বিঘ্ন ঘটছে। খনন করা মাটি সড়কে পড়ে থাকায় মানুষের চলাচলেও সমস্যা হচ্ছে। সড়ক থেকে মাটি দ্রুত সরাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে এবং বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ দ্রুত শেষ করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




