চট্টগ্রামে হাম ও ডেঙ্গুতে মৃত্যু ৩

হাম ও ডেঙ্গু
চট্টগ্রামে ডেঙ্গু ও হাম উপসর্গ নিয়ে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একই সময়ে শেষ এক দিনে নতুন করে ৩৭ জন ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানানো হয়।
ডেঙ্গু নিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম মো. নুরুদ্দিন (৩৬)। তিনি সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গুতে ৪৮ জনের মৃত্যু হলো।
বর্তমানে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৬ জন। চলতি বছর মোট চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৪৭০ জন।
এদিকে, হাম উপসর্গ নিয়ে শেষ ২৪ ঘণ্টায় মারা গেছে দুই শিশু। তাদের একজন হলো ৯ মাস বয়সী আয়াজ। সে আনোয়ারার তৈলারদ্বীপ এলাকার শফিকুল আলমের ছেলে। চমেক হাসপাতালে গতকাল শুক্রবার তার মৃত্যু হয়। অপরজনের নাম ইফরা জান্নাত। ১০ মাস বয়সী এই শিশু রাউজানের গহিরা নোয়াজিশপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ ইমরান। মা শিশু জেনারেল হাসপাতালে সে গতকাল মারা যায়। এনিয়ে মোট ৬৬ জন হাম উপসর্গ নিয়ে মারা গেল।
শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জন হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর মোট হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১২ হাজার ৪৩৬ জন।



