বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার, সাবেক সেনাসদস্যসহ গ্রেপ্তার ৬

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ সময় অপহরণ চক্রের মূল হোতা সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ (৩২) ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে (লেদা ক্যাম্প-২৫) অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) ও দেলোয়ার হোসেন (৪০)।
পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালীর প্রেমবাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোহাম্মদ এহছানকে অপহরণ করা হয়। র্যাবের পোশাক পরা সুমন মুন্সির নেতৃত্বে পাঁচ-ছয়জন তাঁকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে অপহরণকারীরা বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় গত ১৯ অক্টোবর বাঁশখালী থানায় একটি মামলা করা হয়। এরপর পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান শুরু করে।
আজ বুধবার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এহছানকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ছয়জনকে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, বাঁশখালীর প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ীকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।



