রসায়ন অলিম্পিয়াডে অংশ নিচ্ছে ১১০০ শিক্ষার্থী

রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ে চট্টগ্রাম কলেজে সংবাদ সম্মেলন
রসায়ন বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক প্রিলিমিনারি পরীক্ষা।
আগামী ৩১ অক্টোবর চট্টগ্রাম কলেজে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী অংশ নেবে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত এ প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। সেখান থেকে নির্বাচিত চার শিক্ষার্থী ২০২৭ সালের ১৯ থেকে ২৭ জুলাই তাইওয়ানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন বললেন, ‘শিক্ষার্থীদের মধ্যে রসায়নের প্রতি কৌতূহল তৈরি এবং মুখস্থনির্ভরতার পরিবর্তে বিষয়ভিত্তিক বোঝাপড়া ও বিশ্লেষণী দক্ষতা বাড়ানো জরুরি।’
১৬তম রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম শামসুদ্দিন আজাদ জানান, আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় মুখস্থবিদ্যার চেয়ে বিষয় সম্পর্কে গভীর বোঝাপড়া, বিশ্লেষণী ক্ষমতা ও ব্যবহারিক দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
আগামী শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে রিপোর্টিং করতে হবে। চট্টগ্রাম কলেজের ৩৬টি কক্ষ পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে। একই দিন ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হবে। অংশগ্রহণকারীদের প্রত্যেকে সনদ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী, নাজিমুদ্দিন শ্যামল, প্রফেসর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, মঞ্জুরুল করিম, সুভাষ চন্দ্র দাশ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাবুল চন্দ্র নাথ, মোহাম্মদ আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।



