বোধনের ‘লেখাপড়া’র দ্বিতীয় পর্বে কবিতা ও আবৃত্তির ব্যতিক্রমী আয়োজন

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের ‘লেখাপড়া’র দ্বিতীয় পর্ব
কবির লেখা কবির মুখেই শোনা, আর সেই কবিতার আবৃত্তির পর কবির কাছ থেকেই জানা তার ভাবনা ও প্রেক্ষাপট এমন ব্যতিক্রমী আয়োজন নিয়ে অনুষ্ঠিত হয়েছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের ‘লেখাপড়া’র দ্বিতীয় পর্ব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার পর পর্যন্ত নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অতিথি আলোচক ছিলেন কবি ও শিশুসাহিত্যিক জিন্নাহ চৌধুরী।
বোধন আবৃত্তি পরিষদ ২০১৩ সালের ৮ নভেম্বর প্রথমবার ‘লেখাপড়া’ আয়োজন করে। সংগঠনের সদস্যদের মধ্যে যাঁরা কবিতা বা অন্যান্য লেখা চর্চা করেন, তাঁদের সৃষ্টিকে পাঠকের সামনে ভিন্নভাবে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।
এবারের পর্বে ৩৩ জন আবৃত্তিশিল্পী ২৭ জন কবির কবিতা আবৃত্তি করেন। কবিতাগুলোতে ব্যক্তিজীবনের হাসি-কান্না, গ্লানি ও নির্মমতার পাশাপাশি শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদ, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাঙালির সংগ্রামের নানা দিক উঠে আসে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুপম শীল। আবৃত্তিতে অংশ নেন বোধনের ৩৩ জন শিল্পী। তাদের মধ্যে ছিলেন সোনালী ব্যানার্জী, শ্রাবণী বড়ুয়া, অয়ন্তি দাশ, শংকর প্রসাদ নাথ, জসীম উদ্দীন, রমা দাশগুপ্তা, ফারজানা চৌধুরী, শান্তা সেনগুপ্তা, হাসিবুল ইসলাম শাকিল, মেঘনা বড়ুয়া, বিজয় সরকার, তনয়া নাথসহ অন্যরা।
এ ছাড়া কবি ও আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ারের রচনা ‘হাসির সুতোয় বোনা’ বৃন্দ পরিবেশনায় অংশ নেয় একদল শিশুশিল্পী। বৃন্দটির মহড়া পরিচালনা করেন আবৃত্তিশিল্পী লিমা চৌধুরী, ঋত্বিকা নন্দী ও ত্রয়ী দে।
অনুষ্ঠান উপলক্ষে কবিদের ভাবনা ও সৃষ্টিকে কেন্দ্র করে ‘লেখাপড়া’র দ্বিতীয় সংখ্যা প্রকাশ করে বোধন আবৃত্তি পরিষদ। এতে ব্যক্তিজীবনের নানা অনুভূতির পাশাপাশি সামাজিক প্রতিবাদ, মুক্তিযুদ্ধ ও বাঙালির সংগ্রামী ইতিহাসের বিষয়গুলো স্থান পেয়েছে।



