চট্টগ্রাম নগর
কমেছে ডেঙ্গু কমেনি হামের রোগী
- ডেঙ্গুতে ভর্তি অর্ধেকে নেমেছে
- ডেঙ্গুতে মৃত্যু ৪৯ জন, হামে ৬৮
- বৃষ্টিপাত বন্ধ এবং শীতে কমেছে এডিসের উৎপাত
- এখনো মেঝেতে রেখে চিকিৎসা হামের রোগীদের

গ্রাফিকস: আগামীর সময়
ডেঙ্গুর প্রকোপ কমেছে। গড়ে প্রতিদিন রোগী ভর্তি নেমেছে ৫০ জন বা তার নিচে। কিছুদিন আগে তা ছাড়িয়েছিল ১০০। তবে হাম উপসর্গের রোগী এখনো কমেনি। প্রতিদিনই হামের রোগী আসছে চট্টগ্রাম নগরীর হাসপাতালগুলোতে।
এ দুই রোগের সবচেয়ে বেশি চিকিৎসা দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও জেনারেল হাসপাতাল। সরকারি এ দুই হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও ডেঙ্গুর চিকিৎসা চলে। হামের চিকিৎসা বেসরকারি হাসপাতাল সবগুলোতে হয় না।
চমেক হাসপাতালে গত বৃহস্পতিবার ডেঙ্গু রোগী ভর্তি ছিল ৫৫ জন। অন্যদিকে হামের রোগী ছিল ১২০ জন। ডেঙ্গু রোগী ১০০ পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল চমেকে। মেঝে ও বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হয়েছিল। চিকিৎসকরা জানালেন, বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ায় এবং শীত চলে আসার কারণে এডিস মশার উৎপাত কমেছে। আর এজন্য ডেঙ্গু রোগী কমে গেছে আগের চেয়ে।
হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বললেন, ‘ডেঙ্গু রোগীর চাপ কমে গেছে। হাম উপসর্গের রোগী এখনো আসছে।’
শিশুস্বাস্থ্য বিভাগের হাম ব্লকে গিয়ে দেখা গেল, এখনো মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে হামের রোগীদের। এক শয্যায় দুই শিশুকে রাখা হয়। পাশাপাশি শয্যার নিচে মেঝেতেও রয়েছে হাম উপসর্গের শিশু।
নগরের ফ্রিপোর্ট থেকে সাত মাসের শিশু আয়াজকে নিয়ে রহিমা হাসপাতালে আসেন মঙ্গলবার। প্রথমে জায়গা পান মেঝেতে। এরপর একটি শয্যায় অন্য এক শিশুর সঙ্গে আয়াজকেও রাখা হয়।
একইভাবে খাগড়াছড়ি থেকে আসা নারী শাহিন জানালেন, তার ১০ মাসের শিশুর জ্বর হয় প্রথমে। এরপর গায়ে দেখা দেয় র্যাশ। বললেন, ‘স্থানীয়ভাবে চিকিৎসা করেছি। ডাক্তারের পরামর্শে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এলাম।’
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে গত বৃহস্পতিবার পাঠানো প্রতিবেদনে দেখা যায়, শেষ ২৪ ঘণ্টায় ৪৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন। ১১৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অথচ এর আগে অক্টোবরে প্রতিদিন গড়ে ভর্তি হতো শখানেক রোগী।
১ নভেম্বর এক দিনে ভর্তি হয় ৮৭ জন নতুন ডেঙ্গু রোগী। বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছিল ২২২ জন। হাসপাতালে তখন শয্যা পাওয়া কষ্টকর ছিল। একই সময়ে দিনে গড়ে ১০০ বা তার বেশি হাম উপসর্গের রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসত। বৃহস্পতিবার ৫৮ জন এবং তার আগের দিন ৭৪ জন হাম উপসর্গের রোগী ভর্তি হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও রোগী আগের চেয়ে কমে এসেছে। এখন গড়ে ১৫ জনের মতো হামের রোগী চিকিৎসাধীন থাকে। ডেঙ্গু রোগী ১০ জনে নেমে এসেছে। আগে এই দুটিরই সংখ্যা ছিল দ্বিগুণ। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. একরাম হোসেন বলছিলেন, ‘ডেঙ্গু রোগী কমে গেছে। হামের ট্রেন্ডও নিচের দিকে। এপ্রিল থেকে ৭ নভেম্বর পর্যন্ত সাত শতাধিক প্রাপ্তবয়স্ক হামের রোগীর চিকিৎসা দিয়েছি। শিশু ছিল ১ হাজার ৩০০-এর বেশি। একই সময়ে ডেঙ্গু রোগী ১ হাজার ৮০০ জন চিকিৎসা নিয়েছে এই হাসপাতালে।’
এবার এখন পর্যন্ত নগরের হাসপাতালগুলোতে হাম উপসর্গ বা নিশ্চিত হামে ১২ হাজার ৭৮৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মারা গেছে ৬৮ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৭১৪ জন। মারা গেছে ৪৯ জন।



