এসপি জাহাংগীর চারদিনের রিমান্ডে

গ্রেপ্তার জাহাংগীরকে কঠোর নিরাপত্তার মধ্যে চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফার আদালতে তোলা হয়। ছবি: আগামীর সময়
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে চারদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়।
আজ রবিবার বিকালে গ্রেপ্তার জাহাংগীরকে কঠোর নিরাপত্তার মধ্যে চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফার আদালতে তোলা হয়।
চট্টগ্রাম মহানগর আদালতে কর্মরত খুলশী থানার জিআরও এসআই রাজীব কান্তি দে আগামীর সময়কে জানালেন, মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স টিমের (এসআরইউ) পরিদর্শক মোহাম্মদ রাসেল সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। শুনানি শেষে আদালত চারদিন মঞ্জুর করেছেন।
মোহাম্মদ জাহাংগীর আলম চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। যদিও গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির প্রক্রিয়া চলছে পুলিশ সদরদপ্তর থেকে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে গত ১০ নভেম্বর জাহাংগীরের ব্যক্তিগত ও অফিশিয়াল দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। কর্মস্থলে তাকে নজরদারিতে রাখা হয়। মোবাইল দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেন।
তদন্তে সত্যতা পাওয়ায় গতকাল শনিবার রাতে মামলা হওয়ার পর সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি টিম নগরীর হালিশহরে আরআরএফ অফিসার্স মেসে গিয়ে জাহাংগীরকে গ্রেপ্তার করে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানালেন, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ‘সংঘটন করে’ রাষ্ট্রকে অস্থিতিশীল করা ও ডিসেম্বরে জানবাজি রেখে মাঠে নামার বিষয়ে দুটি মেসেজ জাহাংগীরের মোবাইলে পাওয়া গেছে।



