ভাতের পাত থেকে ‘স্বেচ্ছাসেবক দল’ নেতার অফিসে, ফিরল লাশ হয়ে

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রাম নগরীতে সবজিবিক্রেতা এক কিশোরকে ছুরি মেরে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা ওরফে বিহারি বগার অফিসে ডেকে নেওয়া হয়েছিল সেই কিশোরকে। সেখান থেকে বের হওয়ার পর তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়।
রাস্তায় অবৈধভাবে বসানো শাকসবজির দোকান থেকে চাঁদাবাজি ও সিনিয়র-জুনিয়র বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নগরীর খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে ঘটেছে এ হত্যাকাণ্ড।
খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানালেন, নিহত কিশোরের নাম মোহাম্মদ হৃদয়, বয়স আনুমানিক ১৬-১৭ বছর। বাসা ওয়্যারলেস কলোনি এলাকায়। সেখানেই সড়কের পাশে দোকান বসিয়ে শাকসবজি বিক্রি করত সে।
পরিবারের সদস্যরা জানাচ্ছিলেন, হৃদয়ের বাবা প্রায় অন্ধ। সেজন্য বাবার দোকানে বসে সবজি বিক্রি করত হৃদয়।
রাত পৌনে ১০টার দিকে বাসায় ফিরে ভাত খেতে বসেছিলেন হৃদয়। সে-সময় কামরুল নামে এক যুবক গিয়ে তাকে ডেকে নিয়ে যান। আধাঘণ্টা পর হৃদয়ের বাবা দোকানে বসা অবস্থায় শুনতে পান তার ছেলেকে তালতলা এলাকায় কে বা কারা ছুরি মেরেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা সেখানে গিয়ে রক্তাক্ত হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানালেন ওসি আবদুর রহিম, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, হৃদয়কে তার বাসা থেকে ডেকে ওয়াকিল হোসেন বগার অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পরপরই তাকে ছুরি মারা হয়। সিনিয়র-জুনিয়রদের মধ্যে বিরোধের একটা বিষয় সবাই বলছেন। আমরা তদন্ত করে দেখছি।’
পরিবারের সদস্যদের দাবি, হৃদয় কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। ওসি রহিমের তথ্যও একই।
নাম প্রকাশে অনাগ্রহী নগর পুলিশের এক কর্মকর্তা জানালেন, ‘ওয়্যারলেস কলোনিসহ আশপাশের এলাকায় ওয়াকিল হোসেন বগা সড়কে-ফুটপাতে অনেক অবৈধ দোকানপাট বসিয়েছেন। ভাড়ার নামে তাদের কাছ থেকে চাঁদা আদায় করেন বগা ও তার লোকজন। এমনই এক অবৈধ দোকানে সবজি বিক্রি করতেন হৃদয়। বগার চাঁদা আদায়কারী কর্মীদের সঙ্গে বিরোধ মীমাংসার জন্য তাকে অফিসে ডেকে নেওয়া হয়েছিল। সেই বিরোধের জেরেই প্রাণ হারিয়েছে হৃদয়।’
এ ঘটনায় বক্তব্য জানার জন্য কয়েকবার ওয়াকিল হোসেন বগাকে মোবাইলে কল করেও সাড়া পাওয়া যায়নি।
চট্টগ্রাম শহরে বেশ আলোচিত ওয়াকিল হোসেন বগা (৪২)। যাকে ‘বিহারি বগা’ নামে চেনে সবাই। বাসা নগরীর ওয়্যারলেস কলোনি এলাকায়। ১৯ মামলার আসামি। পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম আছে।
অপরাধকর্মে যুক্ত থাকায় গত ৮ জুন বহিষ্কার হয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে।
কিন্তু রাজনীতির মাঠে নিষ্ক্রিয় নন। জোরেশোরে চালাচ্ছেন কাউন্সিলর নির্বাচনের প্রস্তুতিও। চট্টগ্রামের রাজনীতিতে তিনি নগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।




