বন্যাদুর্গত মানুষের পাশে বিএসপি ও মাইজভাণ্ডারী ট্রাস্ট

চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন, নির্মাণসামগ্রী, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী।
সোমবার দিনব্যাপী বাঁশখালীর খানখানাবাদ মাদ্রাসা থেকে পার্শ্ববর্তী দুটি ইউনিয়ন এবং ষাট গড়তলা, মিনজিরিপাড়াসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।
ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান এবং বিএসপির চেয়ারম্যান হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর আর্থিক সহায়তা ও নির্দেশনায় পরিচালিত হয় এই কার্যক্রম।
এ সময় ট্রাস্টের মহাসচিব ও বিএসপির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। মানবসেবাই সর্বোত্তম ইবাদত। আমরা সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলের প্রতি আহ্বান জানাই, বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে এগিয়ে আসুন। পাশাপাশি দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, জরুরি চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানাচ্ছি।’
সহায়তা বিতরণ অনুষ্ঠানে ছিলেন ট্রাস্টের পরিচালনা পরিষদের সদস্য কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার চট্টগ্রাম জেলা ও মহানগর আহ্বায়ক খলিফা আহমদ উল্লাহ কুদ্দুস, বিএসপি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, শাহজাদা মিজানুর রহমান সানজরী, পাবেল মাহমুদ, নূর মোহাম্মদ, ইউপি সদস্য লিয়াকত আলী, হাফেজ মো. কেরামত আলীসহ ট্রাস্টের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।




