সল্টগোলায় বন্দরের পণ্যবাহী গাড়ির পৃথক লেন হবে : প্রশাসক

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম গতিশীল করতে বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসনে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি জানান, পরিকল্পনার আওতায় সল্টগোলা ক্রসিংয়ে আধুনিক গোলচত্বর ও সেতু নির্মাণ এবং বন্দরের পণ্যবাহী ভারী যানবাহনের জন্য পৃথক লেন করা হবে।
আজ মঙ্গলবার বন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শনকালে এসব পরিকল্পনার কথা জানান চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি জানান, সল্টগোলা ক্রসিং, নিউমুরিং ও বন্দর এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে। পৃথক লেন চালু হলে বন্দরের পণ্যবাহী যানবাহন ও সাধারণ যানবাহনের চলাচল আলাদা করা সম্ভব হবে। এতে যানজট কমার পাশাপাশি পণ্য পরিবহনেও গতি আসবে। সড়ক সম্প্রসারণ ও পৃথক লেন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন প্রয়োজনীয় জায়গা ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট ব্রিজ পর্যন্ত বন্দরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ সড়ক, আগ্রাবাদ এক্সেস রোড ও আগ্রাবাদ পিসি রোড আরসিসি সড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসক। তিনি বলেছেন, এসব সড়কে প্রতিদিন বিপুলসংখ্যক ভারী পণ্যবাহী যান চলাচল করায় বিটুমিনাস সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। আরসিসি সড়ক নির্মাণ করা হলে স্থায়িত্ব বাড়বে এবং বারবার সংস্কারের প্রয়োজন কমবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল) মাহমুদুল হোসেন খান, চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মকর্তারা এবং স্থানীয় নেতারা।




