‘চট্টগ্রামকে ক্লিন সিটি এখনো করতে পারিনি’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন
২০২৪ সালের ৫ নভেম্বর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেন ডা. শাহাদাত হোসেন। মেয়াদ শেষ হওয়ার পর গত ২৫ অক্টোবর তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে নগর উন্নয়ন, আর্থিক পরিস্থিতি, ডেঙ্গু ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আগামীর সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলেছেন তিনি।
আগামীর সময়: নগরের জলাবদ্ধতা নিরসনে দুই বছরে কি পরিবর্তন এসেছে? চলতি বছরও তো বিভিন্ন এলাকায় পানি জমেছে।
ডা. শাহাদাত: জলাবদ্ধতা নিরসন প্রকল্পে ৭০ শতাংশ সফলতা এসেছে। সাত দিনে ৪ হাজার ৪৫০ মিলিমিটার এবং এক দিনে ৪২০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ৪২ বছরের ইতিহাসে এই প্রথম। দক্ষিণ চট্টগ্রামে বন্যা হয়েছে। কিন্তু নগরের বহদ্দারহাট, মুরাদপুর, মির্জাপুল, সিঅ্যান্ডবি ও আগ্রাবাদ আবাসিক এলাকায় পানি ওঠেনি। বাকি ৩০ শতাংশ কাজের জন্য ৪০টি খাল পরিষ্কার ও রিটেইনিং ওয়াল নির্মাণে নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হচ্ছে। খালগুলোর পাশে ওয়াকওয়ে ও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে।
আগামীর সময়: ৫৯৬ কোটি টাকার দেনা নিয়ে দায়িত্ব নিয়েছিলেন। করপোরেশনের হিসাব অনুযায়ী এখনো ৩২৫ কোটি টাকা দেনা আছে। আর্থিক অবস্থা এখন কেমন?
ডা. শাহাদাত: সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাটাই ছিল মূল লক্ষ্য। ৫৯৬ কোটি টাকার দেনা নিয়ে যাত্রা শুরু করেছিলাম, দুই বছরে তা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি। বন্দর থেকে ২২৪ কোটি টাকা পাওয়ায় এই পথ সহজ হয়েছে। এ ছাড়া আবাসিক হোল্ডিং কর ১০ থেকে ২০ গুণ বাড়ানোর কারণে অনেকেই কর দিতেন না। তা কমিয়ে আনার পর করদাতারা বকেয়া পরিশোধ করেছেন। সরকারি প্রতিষ্ঠানগুলোর বকেয়াও মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে উদ্ধার করা হয়েছে। রাজস্ব আদায়ের হার ৫১ শতাংশ থেকে ৬৮-৭০ শতাংশে উন্নীত হয়েছে।
আগামীর সময়: অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবায় দুই বছরে কী কী কাজ হয়েছে?
ডা. শাহাদাত: ৩৭৩ কিলোমিটার সড়ক, ১ হাজার ৬০০ কিলোমিটার নালা, ৬০টি কালভার্ট, ২০টি সেতু ও ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে সিটি করপোরেশনের আওতায় আনা হয়েছে, যা দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে একসঙ্গে পাঁচটি বিষয়ে অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে। ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণের উদ্যোগের মধ্যে ১১টি প্রায় প্রস্তুত। বিমানবন্দর এলাকায় সাইকেল ট্র্যাক এবং বারইপাড়া খালে ছয় কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে গত চার মাসে জমা পড়া ৬ হাজার ৫০০ অভিযোগের মধ্যে ৪ হাজার ২০০টি (৬২ শতাংশ) সমাধান হয়েছে।
আগামীর সময়: স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক খাতে কোন উদ্যোগগুলো বাস্তবায়ন করা হয়েছে?
ডা. শাহাদাত: ১০ লাখ শিশুকে টাইফয়েড, ৬ লাখ শিশুকে হাম, ১ লাখ ছাত্রীকে এইচপিভি এবং ১২ হাজার কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। মেমন হাসপাতালে এনআইসিইউ চালু হতে যাচ্ছে। শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল এবং সিটি-এমআরআইসহ ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। স্কুল হেলথ কার্ড চালুর মাধ্যমে শিক্ষার্থীরা বর্জ্য ব্যবস্থাপনা শেখার পাশাপাশি ৪০ থেকে ৫০ শতাংশ ছাড়ে ১০ থেকে ১৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা পাচ্ছে। পাশাপাশি দুই থেকে আড়াই লাখ পরিবারকে টিসিবি স্মার্ট কার্ড, সনাতনী সম্প্রদায়ের চারটি শ্মশানের উন্নয়ন, ১৬টি থানায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সাগরিকা ও দেওয়ানহাটে পরীক্ষামূলক এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থা চালুর কাজ চলছে।
আগামীর সময়: ডেঙ্গু প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু দুই বছরে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু ও ৬ হাজার ৪৪৫ জন আক্রান্ত হয়েছেন। বাজেট বাড়িয়েও সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না কেন?
ডা. শাহাদাত: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস নিয়ন্ত্রণে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি গবেষণা দল গঠন করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী যেখানে যা প্রয়োজন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আগামীর সময়: বর্জ্য সংগ্রহে গত অর্থবছরে ১৩১ কোটি টাকা পরিচ্ছন্ন কর আদায় এবং প্রায় চার হাজার পরিচ্ছন্নকর্মী থাকার পরও সড়কে আবর্জনা পড়ে থাকে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও বাস্তবায়িত হয়নি। এর কারণ কী?
ডা. শাহাদাত: ক্লিন সিটি করার যে প্রত্যয় আমি ঘোষণা করেছিলাম, এখনো পর্যন্ত সেটা করতে পারিনি। শহরের মানুষকে এখনো বুঝাতে পারিনি যে, এই শহর আমাদের সবার। বাসার জানালা বা গণপরিবহন থেকে প্লাস্টিক, পলিথিন ও বর্জ্য কংক্রিট ফেলা বন্ধ না হলে শহর পরিষ্কার রাখা কঠিন। এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। আগামী এক বছরের মধ্যে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার আশা রাখছি। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে যুক্তরাজ্য ও জাপানের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে। এ ছাড়া হালিশহর ও আরেফিননগর টিজি পরিবেশবান্ধব করতে জাইকার ১ হাজার ৫৫০ কোটি টাকার প্রকল্প এবং হালিশহরে বায়োগ্যাস উৎপাদনের সম্ভাব্যতা যাচাই চলছে। যে জনবল আছে সেটিও নগরের জনসংখ্যা অনুযায়ী অপ্রতুল।
আগামীর সময়: ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর আবার দখল হয়ে যায়। এ সমস্যা সমাধানে বাধা কোথায়?
ডা. শাহাদাত: নগর পুলিশ আমাদের অধীনে নেই। ফলে ম্যাজিস্ট্রেট দিয়ে উচ্ছেদ করলেও তা ধরে রাখা যাচ্ছে না। পরিকল্পিত নগর গড়তে ‘নগর সরকার’ ব্যবস্থা চালু করা জরুরি। এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। নগর সরকার থাকলে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা সম্ভব হতো।
আগামীর সময়: নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় আর কী কী চ্যালেঞ্জ রয়েছে? সামনে নতুন কোনো পরিকল্পনা আছে কি?
ডা. শাহাদাত: সামাজিক নিরাপত্তা আরেকটি চ্যালেঞ্জ। উচ্ছেদ করতে গেলে ভাসমান মানুষরা পরিবার ও সন্তানদের খাবারের কথা বলেন। সড়ক ও মিডিয়ানে তাদের অবস্থানের কারণে শহরের পরিবেশ নষ্ট হচ্ছে। এ জন্য ১৫টি থানায় পান্থশালা, বৃদ্ধাশ্রম ও ডে-কেয়ার সেন্টার গড়ে তুলতে বাজেট প্রয়োজন। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে ১০ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে ২ লাখ লাগানো হয়েছে এবং বাকি ৮ লাখ এ বছর লাগানো হবে। পাশাপাশি কর্ণফুলী সেতুর পেছনে ৫৮০ একর জায়গায় বাকলিয়া আইল্যান্ডে ১২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ও ইকোপার্ক, র্যাডিসন ব্লু-র সামনে তিন একর জায়গায় ‘শহীদ জিয়া সিটি সেন্টার’, সেনাবাহিনীর মাধ্যমে চান্দগাঁওয়ে আট একর জায়গায় হাসপাতাল এবং দু-তিন মাসের মধ্যে কুলগাঁওয়ে অক্সিজেন বাস টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।



