পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার একটি বহুতল বাণিজ্যিক ভবন থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফিনলে স্কয়ার নামক ভবনের পঞ্চমতলা থেকে তিনি নিচে পড়ে যান। তার নাম মাইনুদ্দিন (২২)।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছেন। সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, মার্কেটের পঞ্চমতলার রেলিং ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে নিজে নিজে রেলিং টপকে নিচে ঝাঁপ দেন।
দুঘটনার পর মার্কেটের নিরাপত্তা প্রহরী প্রিয় দত্ত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
প্রিয় দত্ত আগামীর সময়কে জানান, ভিডিওতে দেখা যায় লোকটি নিজে নিজে লাফিয়ে পড়েছেন। পঞ্চমতলায় থাকা অন্যরাও বিষয়টি দেখেছেন। আজ (শুক্রবার) লোকটির পরিবারের সদস্যরা যোগাযোগ করেছেন। থানায় গেছেন।
মাইনুদ্দিনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। পাঁচলাইশ থানার পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিবারের কাছে আজ মাইনুদ্দিনের লাশ হস্তান্তর করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




