ছাত্রদল নেতার বাসা থেকে ৭০ বোতল মদ উদ্ধার, দল থেকে বহিষ্কার

ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগর
চট্টগ্রাম নগরীতে ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে শাকিল পালিয়ে যান। এ ঘটনার পর শাকিলকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর বন্দর থানার গোসাইলডাঙা কেবি দোভাষ লেইনে তার বাসায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার করা হয় পুষ্পেন ব্যানার্জি ও শামসুল ইসলাম নামে দুই ব্যক্তিকে।
নগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার শেখ শরীফুল ইসলাম আগামীর সময়কে বললেন, ‘আমাদের একটি টিম বাসায় অবৈধভাবে মদ মজুদ করে কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালায়। এ সময় শাকিল পালিয়ে গেলেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭০ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে। মামলায় শাকিলকেও আসামি করা হয়েছে।’
মোহাম্মদ আবু শাকিল সাগর (৩৩) বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানালেন সংগঠনটির চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন।
তিনি আগামীর সময়কে বললেন, ‘শাকিলের বাসায় পুলিশ অভিযান চালিয়ে মদ উদ্ধার করে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সাংগঠনিক প্রক্রিয়ার আওতায় এনে তাকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।’




