তালা
১৩ ছাত্রীর বাল্যবিয়ের তথ্য, অভিভাবকদের সতর্ক করল প্রশাসন

ছবি: আগামীর সময়
সাতক্ষীরার তালায় একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ শিক্ষার্থীর বাল্যবিয়ের তথ্য পাওয়ার পর তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে মেয়েদের সংসারে না পাঠিয়ে বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি তালার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের। উপজেলা প্রশাসনের ভাষ্য, সংশ্লিষ্ট ছাত্রীদের পারিবারিকভাবে মৌখিক বিয়ে দেওয়া হলেও কোনো বিয়ের আনুষ্ঠানিকতা বা নিবন্ধন সম্পন্ন হয়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে শুনানি ও আলোচনা অনুষ্ঠিত হয়। নোটিশ পাওয়া ১১ ছাত্রীর মধ্যে আটজন এবং তাদের ১১ জন অভিভাবক সেখানে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাদের সঙ্গে কথা বলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানিয়েছেন, মোট ১৩ ছাত্রীর বিয়ের তথ্য পাওয়ার পর প্রথম ধাপে ১১ জনকে নোটিশ দেওয়া হয়েছে। বাকি দুইজনকে নোটিশ দেওয়ার কার্যক্রম চলছে।
তিনি জানিয়েছেন, অভিভাবকদের বাল্যবিয়ে থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়েদের নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়েও তাদের সতর্ক করা হয়েছে।
জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমানের ভাষ্য, প্রথমে একই বিদ্যালয়ের ১১ ছাত্রীর পারিবারিকভাবে মৌখিক বিয়ের তথ্য পাওয়া যায়। পরে আরও দুই ছাত্রীর বিষয়ে তথ্য আসে। সব মিলিয়ে ১৩ জনের বিয়ের তথ্য পাওয়া গেছে। তবে কোনো বিয়ের আনুষ্ঠানিক নিবন্ধন হয়নি। কয়েকজনের ক্ষেত্রে পারিবারিকভাবে দেখাদেখি ও সম্পর্ক ঠিক করে রাখার ঘটনাও ছিল।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা জানিয়েছেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট অভিভাবকদের ডেকে বাল্যবিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মেয়েরা যাতে বিদ্যালয়ে ফিরে স্বাভাবিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের নজরদারি এবং সতর্কতা বাড়াতে বলা হয়েছে।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান, তালা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




