চট্টগ্রাম
ডেঙ্গুতে একজনের মৃত্যু, ৮ দিনে আক্রান্ত ৫৮৫

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক নারী মারা গেছেন। তার নাম মনিয়া আকতার (৩০)। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৩ জন। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত দাঁড়াল ৫৮৫ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে আজ বুধবার পাঠানো ২৪ ঘণ্টার (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। মারা যাওয়া নারী নগরের বন্দর এলাকার বাসিন্দা।
ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর রবিবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তিনি মারা যান। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মারা গেল ২ জন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২১ জন। মোট মারা গেছেন ৭ জন। আগস্ট মাস থেকে ডেঙ্গু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত মাসে মোট ১ হাজার ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে মৃত্যু হয় ২ জনের।
তবে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর যে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো হয় তার বাইরেও রোগী থাকতে পারে। সিভিল সার্জন কার্যালয়ে প্রতিদিন অনেক হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র থেকে তথ্য পাঠানো হয় না। এ ছাড়া ব্যক্তিগত চিকিৎসকের চেম্বারেও অনেক ডেঙ্গু রোগী আসে। সে তথ্যও সিভিল সার্জন কার্যালয়ে যায় না।






