চট্টগ্রামে সমাজকল্যাণমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সহায়তা পাবে ১ লাখ এতিম শিক্ষার্থী

গ্রাফিকস: আগামীর সময়
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে। তিনি বলেছেন, সমাজের এতিম ও দুস্থ মানুষের কল্যাণে বিএনপি সরকার কাজ করে যাবে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দি অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
মন্ত্রী বলেছেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থদের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ১ লাখ এতিম ও দুস্থ শিশুকে সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে। এ কাজে সরকারের পাশাপাশি ধনী ও বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। কওমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেছেন, কওমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করে অনেকেই দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।



