পাহাড়ের ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের কনভেনশন ও র্যালি

চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের বিশেষ কনভেনশনে বক্তারা।
পার্বত্য চট্টগ্রামে ভূমির অধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাসহ নানা দাবিতে আজ মঙ্গলবার চট্টগ্রামে বিশেষ কনভেনশন এবং র্যালি করেছে পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ।
চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সকালে বিশেষ কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে ৬ দফা দাবি পেশ করা হয়। কনভেনশনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক উষাতন চাকমা।
ছয় দফা দাবির মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিনটি কমিটি বাতিল, তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচনের তারিখ ঘোষণা এবং রাজনৈতিক কারণে আটক ব্যক্তিদের মুক্তি অন্যতম। এ ছাড়া আঞ্চলিক পরিষদের নিয়োগসংক্রান্ত অনিয়ম তদন্তের দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে উষাতন চাকমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংকট সমাধানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি দমন-পীড়ন, অধিকার হরণ ও বাস্তুভিটা থেকে উচ্ছেদের প্রতিবাদ জানান।
উষাতন বলেন, পার্বত্য চট্টগ্রামে জনগণের অধিকার ও স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনরত বিভিন্ন দল, সংগঠন ও জনগণের অংশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি, ভ্রাতৃঘাতী সংঘাত অবিলম্বে বন্ধ করে জনগণের মৌলিক অধিকার ও স্বার্থের ভিত্তিতে ন্যূনতম অভিন্ন কর্মসূচি প্রণয়ন, ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার ওপর জোর দেন।
বিদ্যমান বিভিন্ন আঞ্চলিক দল পাহাড়ের জনগোষ্ঠীর দাবি আদায়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলেও কনভেনশনে বক্তারা উল্লেখ করেন। এ কারণে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
এতে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভানেত্রী কণিকা দেওয়ান, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক লাবনী তঞ্চঙ্গ্যা, লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরাসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিরা। সঞ্চলনা করেন সদস্যসচিব বাবুধন চাকমা। পরে প্রেস ক্লাব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।



