দুর্যোগে মানুষের পাশে থাকার আহ্বান রেডক্রিসেন্টের

ছবি: আগামীর সময়
বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। এতে আহ্বান জানানো হয় দুর্যোগ ও সংকটের সময় রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সবসময় মানুষের পাশে থাকার।
বৃহস্পতিবার নগরীর আন্দরকিল্লায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, যুব ইউনিট এবং জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল।
দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মো. মোতাহের হোসেন। পরে সংগঠনের পতাকা উত্তোলন করেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসিফ চৌধুরী।
মানববন্ধনে মোতাহের হোসেন বলছিলেন, মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করাই এ দিবসের মূল চেতনা। যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থাকতে সবসময় প্রস্তুত থাকতে হবে স্বেচ্ছাসেবকদের।
আসিফ চৌধুরী বললেন, জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসা সেবায় আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবসের চেতনা সেবার মান আরও উন্নত করতে অনুপ্রেরণা জোগায়। যুব স্বেচ্ছাসেবকদের ত্যাগ ও পরিশ্রমই এগিয়ে নিচ্ছে এ আন্দোলনকে।
এ সময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউনিটের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমও বক্তব্য দেন।




