বিশ্বের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম বানাবে বাংলাদেশ

সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। ছবি: আগামীর সময়
‘আমাদের আলম আমাদের অহংকার’– শিরোনামে এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আয়োজক ছিলেন চট্টগ্রামের বিভিন্ন মূলধারার গণমাধ্যমের সাংবাদিক বন্ধুরা।
আজ বুধবার সন্ধ্যায় দুই ঘণ্টার এই আয়োজন শেষ পর্যন্ত রূপ নেয় স্মৃতিচারণ, ঠাট্টা-রসিকতা ও আনন্দ আড্ডায়। অনুষ্ঠানে বর্তমান বোর্ডের সৃজনশীল পরিবর্তনের আভাস মেলে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের বক্তব্যে।
তিনি একনাগাড়ে বলতে থাকলেন, ‘নির্বাচনের আগে তিনিসহ সাবেক দুই অধিনায়কের ভোর রাতের পৌনে দুই ঘণ্টার গুরুত্বপূর্ণ আলাপচারিতার বিষয়। এবারের বোর্ডে অনেক পরিবর্তন আনা হচ্ছে। সাবেক ক্রিকেট অধিনায়ক ফারুক আহমেদ, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজনদের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। দেশে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানো, অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দেওয়া, খরচ কমিয়ে সাশ্রয় করার নীতিতে চলবে ক্রিকেট বোর্ড। এ ধরনের ধারণা বাস্তবায়নের মেসেজ সবাইকে দিচ্ছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।’
প্রায় ১৪ বছর পর পুনরায় ক্রিকেট বোর্ডে ফিরে আসার নানা উত্থান-পতনের নাটকীয় কাহিনিও শোনান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবালের প্রশংসায় পঞ্চমুখ।
বললেন, ‘এ পর্যন্ত যতজন সভাপতি ছিলেন, তাদের মধ্যে চিন্তা-চেতনায়-সৃজনশীলতায় সবার উপরে থাকবেন তামিম। কারণ সবসময় ভিন্নধর্মী পরিকল্পনায় বিশ্বাসী। তিনি সবসময় পরামর্শ দেন খরচ কমাতে। নিজে এখনো পর্যন্ত কোনো ক্রিকেট ম্যাচের পুরষ্কার বিতরণীতে অংশ নেননি। বোর্ডের পরিচালকদের এরকম অংশগ্রহণ তিনি নিরুৎসাহিত করতে চান।’সবচেয়ে মজার তথ্যটি দেন তিনি এভাবে- ‘নামকরা আন্তর্জাতিক স্টেডিয়াম অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার ‘পপুলাস’ পূর্বাচলে বানাচ্ছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম ও সুযোগ-সুবিধা সম্বলিত অবকাঠামো। পপুলাস-এর সিইও’র সঙ্গে এক বৈঠকে ওই স্টেডিয়ামের বিষয়ে তামিমের পরামর্শ শুনে বিদেশিরা তাদের মুগ্ধতার কথা জানিয়ে দিলেন সাথে সাথে।’
‘ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণ না করার সুদূরপ্রসারী প্রভাব পড়বে আর্থিক খাতে ও দেশের ক্রিকেট ভাবমূর্তিতে। ক্রিকেটাররা এখনো ব্যক্তিগতভাবে বিশ্বকাপ খেলতে না পারার বেদনায় ভোগেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরবর্তী বিশ্বকাপে খেলতে হলে ছোট দলগুলোর সঙ্গে জিতে কোয়ালিফাই করতে হবে। আগে যেমন আমরা সরাসরি খেলতাম’, বললেন আলম।
চট্টগ্রাম স্টেডিয়াম পাড়ার একটি রেস্টুরেন্টের এই অনুষ্ঠানে বোর্ডে আলমের গতিশীল ও সক্রিয় ভূমিকায় দেশের ক্রিকেট এগিয়ে যাবে, এমন প্রত্যাশা রাখেন সাংবাদিকরা। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, সাবেক সভাপতি আলী আব্বাস, বাংলা ভিশনের ব্যুরো চিফ নাসিরউদ্দিন তোতা, সমকালের আঞ্চলিক সম্পাদক সারোয়ার সুমন, সাংবাদিক ও ক্রিকেট স্কোরার নজরুল ইসলাম, ইত্তেফাকের রিপোর্টার শামীম হামিদ, বাংলা নিউজের ফটো সাংবাদিক ও জাতীয় অ্যাথলেট সোহেল সরওয়ার। শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন আগামীর সময়ের যুগ্ম সম্পাদক রফিকুল বাহার।
এতে উপস্থিত ছিলেন- বাংলা নিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, ইনকিলাবের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম সেলিম, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ মিলাদ, সময় টেলিভিশনের বিভাগীয় প্রধান কমল দে, যুগান্তরের ব্যুরো চিফ শহীদুল্লাহ শাহরিয়ার, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো চিফ মজুমদার নাজিম উদ্দিন, আমাদের সময়ের ব্যুরো চিফ হামিদ উল্লাহ, ডেইলি সানের ব্যুরো চিফ নুরুদ্দিন আলমগীর মিলন, চরচার বিভাগীয় প্রতিনিধি মিন্টু চৌধুরী, একাত্তর টেলিভিশনের ব্যুরো চিফ সাইফুল ইসলাম শিল্পী, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী, দি বিজনেস স্ট্যান্ডার্ড-এর সামশুদ্দিন ইলিয়াস, দেশ রূপান্তরের ব্যুরো চিফ ভুঁইয়া নজরুল, সুপ্রভাত বাংলাদেশের প্রকাশক ওমর ফারুক, আগামীর সময়ের বিশেষ প্রতিনিধি প্রণব বল ও আসিফ সিদ্দিকী, সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন ও মাল্টিমিডিয়া রিপোর্টার ইফরাজ নুর।





