বাঁশখালীতে প্রধানমন্ত্রী

ছবি: আগামীর সময়
সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে গৃহ হস্তান্তর, আর্থিক অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে গেলেন।
আজ রবিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারে বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে। সেখানে বস্তাবন্দি ত্রাণসামগ্রী ও অনুদান পৌঁছাতে দেখা যায়।
এর আগে সকালে হেলিকপ্টারযোগে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কক্সবাজার থেকে সরাসরি বাঁশখালীর উদ্দেশে রওনা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর কর্মসূচি শেষে দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিকাল সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে বিকাল পৌনে ৪টায় হাটহাজারী ডাকবাংলোয় স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। এরপর ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সম্পর্কিত আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নগরের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ মিলনায়তনে আয়োজিত একটি স্থানীয় সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে আজ রাত সাড় ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।




