নাশকতা ঠেকাতে দিনভর চট্টগ্রামের রাজপথে বিএনপি-যুবদল

ছবি: আগামীর সময়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় দিনভর বিভিন্ন কর্মসূচি নিয়ে চট্টগ্রাম নগরীর রাজপথ দখলে রেখেছিলেন বিএনপি ও যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলটির নেতারা ডিসেম্বর মাস জুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন।
আজ রবিবার সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে নেতাকর্মীরা ভাগ হয়ে অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেন।
নগরীর সিরাজউদ্দৌলা রোডের দিদার মার্কেট চত্বর এলাকায় সকাল থেকে অবস্থান নেয় ‘চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদল ফোরাম’। দুপুরে সেখানে সমাবেশে যোগ দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
ষড়যন্ত্র, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাবেশে শাহাদাত হোসেন বলেন, ‘রাজপথে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিল। এখনো আছে। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজপথে থাকবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আড়াল করে বা অন্যের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’
সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেন নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের নেতৃত্বে নেতাকর্মীরা দিনভর নগরীর মুরাদপুর, দুই নম্বর গেট, লালখান বাজার এলাকায় অবস্থান কর্মসূচির পাশাপাশি মিছিল-সমাবেশ করেন। বিকালে লালখান বাজার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কথিত লকডাউনের নামে আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে ডিসেম্বর মাস জুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে নাজিমুর রহমান সমাবেশে বলেছেন, ‘পলাতক ফ্যাসিস্ট শক্তি দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে। কথিত লকডাউনের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। কোনো ধরনের উসকানি, গুজব কিংবা অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করতে মাঠে আছে। সন্ত্রাসীদের আশ্রয়দাতা ও মদদদাতাদেরও ছাড় দেওয়া হবে না।’
অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল লালখান বাজার মোড় থেকে শুরু হয়ে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ ছিলেন।
এ ছাড়া লালখান বাজার, জামালখান, বাগমনিরাম, রামপুর, দক্ষিণ আগ্রাবাদসহ আরও কয়েকটি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করেন। নগরীর বিভিন্ন কলেজ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি হাতে মোটর সাইকেল নিয়ে মহড়া দেন।
বিকালে নগরীর আগ্রাবাদে মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নগর কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের নেতৃত্বে সমাবেশে সহসভাপতি ইকবাল হোসেন ও সাহেদ আকবরসহ আরও কয়েকজন নেতা বক্তব্য রাখেন।
সমাবেশে মোশাররফ হোসেন দীপ্তি বললেন, ‘কোনো অপশক্তি যেন দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের নাশকতার রাজনীতি আর চলতে দেওয়া হবে না।’
মুহাম্মদ শাহেদ বলেন, ‘অতীতের অপকর্মের রাজনীতিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ জনগণ দিতে চায় না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে যেকোনো নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে হবে।’
এ ছাড়া নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর পাহাড়তলী ও সদস্যসচিব জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা মুরাদপুর এলাকায় মিছিল-সমাবেশ করেন।



