প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য
ফ্যাশন ডিজাইনে সৃজনশীলতা ও সংস্কৃতির সমন্বয় অপরিহার্য

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের স্নাতক প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে নগরের দামপাড়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে স্প্রিং-২০২৬ সেশনের (৯ম ব্যাচ) শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। তিনি বলেছেন, ফ্যাশন ডিজাইনে সৃজনশীলতা, নান্দনিকতা ও সংস্কৃতির সমন্বয় অপরিহার্য। আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি বাংলাদেশের শিল্পকলা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের দক্ষ ডিজাইনার হিসেবে গড়ে উঠতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পেছনে অভিভাবকদের কষ্টার্জিত অর্থ ব্যয় হয় উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার পরামর্শ দেন। আগামী এক বছরের মধ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে আরও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের কথাও জানান তিনি।
বিভাগের চেয়ারম্যান কুহেলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। সভাপতির বক্তব্যে কুহেলী চৌধুরী বলেছেন, ‘ফ্যাশন ডিজাইন শুধু সৃজনশীলতার বিষয় নয়, এটি একটি শৃঙ্খলাপূর্ণ চর্চা। শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক প্রবণতা সম্পর্কে ধারণা রাখতে হবে।’ শুধু অনলাইননির্ভর না হয়ে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থেকে শিক্ষকদের কাছ থেকে সরাসরি শেখার ওপর জোর দেন তিনি। পাশাপাশি চারপাশের পরিবেশ ও মানুষের জীবনধারা পর্যবেক্ষণের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী শিক্ষার্থীদের নিয়মশৃঙ্খলা মেনে চলা ও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানান। এ ছাড়া বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিভাগের পরিচিতি ও একাডেমিক নিয়মকানুন তুলে ধরেন সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দাশ।
প্রভাষক সৈয়দা নাজনীন আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা রহমান, প্রভাষক এস এম তৌসিফ, সৈয়দা আতকিয়া ফাইজা, অর্পিতা দেবীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



