এস আলমের কারখানা চালুর দাবিতে শ্রমিকদের পদযাত্রা

ছবি: আগামীর সময়
এস আলম গ্রুপের বন্ধ কলকারখানা চালু এবং চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রামে পদযাত্রা করেছেন চাকরিচ্যুত প্রায় দুই হাজার শ্রমিক-কর্মকর্তা।
আজ সোমবার সকালে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে পদযাত্রা শুরু করেন তারা। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
সকাল ৯টা দিকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা মইজ্জারটেক এসে জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। পরে কর্ণফুলী সেতু পার হয়ে বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান তারা।
সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাতে স্মারকলিপি তুলে দেন শ্রমিকদের প্রতিনিধিরা। জেলা প্রশাসক স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপিতে শ্রমিকরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে ১০ হাজারের বেশি শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়েছেন। তাদের দাবি, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকলেও পরিস্থিতির কারণে চাকরি হারিয়েছেন সবাই। যার ফলে মানবেতর জীবনযাপন করছে হাজারো পরিবার।
বন্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি ও পশুখাদ্য কারখানাসহ কয়েকটি শিল্প ইউনিট। ব্যাংকঋণ ও ব্যবসায়িক হিসাবসংক্রান্ত জটিলতা, চলতি মূলধন ও কাঁচামালের সংকটকে কারখানা বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছেন শ্রমিকরা।
এস আলম গ্রুপের প্রধান কার্যালয়ের চাকরিচ্যুত সিনিয়র কর্মকর্তা হারুন উর রশিদ বলেন, 'আমরা সুশৃঙ্খলভাবে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছি। জেলা প্রশাসক স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।'
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের চাকরিচ্যুত কর্মকর্তা প্রকৌশলী ছলিম আল আনোয়ার জানান, হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী বেকার জীবন কাটাচ্ছেন। তারা হারানো চাকরি ফিরে পেতে চান।'
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি জানিয়েছেন শ্রমিকরা। এর মধ্যে রয়েছে বন্ধ সব কারখানা দ্রুত চালু, আগে কর্মরত শ্রমিক-কর্মকর্তাদের পুনরায় কাজে যোগদানের সুযোগ। ব্যাংকঋণ ও হিসাবসংক্রান্ত জটিলতা নিরসন। পাশাপাশি রাজনৈতিক কারণে কোনো শিল্পপ্রতিষ্ঠান বন্ধ না করার নিশ্চয়তা চান তারা।
এ ছাড়া এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।




