চট্টগ্রাম থেকে চিন্ময় কৃষ্ণকে নেওয়া হলো কেরানীগঞ্জ কারাগারে

ফাইল ছবি
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক সংগঠক কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার কেরানীগঞ্জে বিশেষ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর দুই বছর ধরে চট্টগ্রাম কারাগারেই ছিলেন তিনি।
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যাসহ একাধিক মামলার আসামি চিন্ময়। এসব মামলার কার্যক্রম চলছে চট্টগ্রাম আদালতে। যদিও তাকে ভার্চুয়ালি শুনানিতে হাজির করা হয়। এরপরও হঠাৎ চিন্ময়কে চট্টগ্রাম থেকে স্থানান্তরের সুনির্দিষ্ট কোনো কারণ আছে কি না, জানাচ্ছেন না কারা কর্মকর্তারা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন আগামীর সময়কে বললেন, ‘সোমবার ভোরে উনাকে (চিন্ময়) কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। এটা রুটিন ওয়ার্ক। মাঝেমধ্যে বন্দিদের বিভিন্ন কারাগারে পাঠানো হয়। উনার মামলা তো সবগুলো চট্টগ্রামে। মামলার জন্য আবার ফেরত আনাও হতে পারে।’
মা সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গত ১০ সেপ্টেম্বর প্যারোলে মুক্তি পেয়েছিলেন কারাবন্দি চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সনাতনীদের বিভিন্ন দাবি নিয়ে হঠাৎ জেলায়-জেলায় সমাবেশ শুরু করে আলোচনায় আসেন তিনি।
এর একপর্যায়ে তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময়। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ আসে। এ সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে আদালত-সংলগ্ন পাথরঘাটা বাণ্ডেল রোডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নামে হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনে মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
চিন্ময়ের বিরুদ্ধে ৬টি মামলা আছে। এর মধ্যে আইনজীবী হত্যা মামলার বিচার চলছে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে। পাঁচটি মামলায় অবশ্য তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।




