বিশ্বকাপ কুইজে বিজয়ীর হাতে টিভি তুলে দিলেন সাবেক অধিনায়ক মামুনুল

ছবি: আগামীর সময়
আগামীর সময়-পার্ল কনক্রিট ব্লক ফিফা ফুটবল বিশ্বকাপ কুইজের চূড়ান্ত পুরস্কার বিতরণ আজ শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। বিশ্বকাপ ফুটবল ফাইনালের কুইজের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতেছেন নন্দনকাননের পান্না সেন। ফাইনাল কুইজের পুরস্কার ছিল একটি ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন।
পান্না সেনের হাতে টিভি তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন আগামীর সময়ের যুগ্ম সম্পাদক রফিকুল বাহার।
টিভি জিতে নেওয়া পান্না সেন একজন গৃহিণী। পুরস্কার পেয়ে তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। বললেন, ‘ফাইনালের পুরস্কার জিতে আমার খুব ভালো লাগছে। আমি আগামীর সময়ের এই উদ্যোগকে সাধুবাদ জাানাই।’
বিশ্বকাপ ফুটবল উৎসবকে ঘিরে আগামীর সময় ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। আগামীর সময়-পার্ল কনক্রিট ব্লক কুইজ ছিল চট্টগ্রাম পর্বের। এক মাসের বেশি সময় ধরে এই কুইজ প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী বিজয়ীদের লটারির মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে আর্জেন্টিনার সমর্থক সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম ফাইনাল ম্যাচ সম্পর্কে তার অভিমত তুলে ধরলেন। তিনি বলেন, স্পেন ম্যাচ জিতেছে তাদের যোগ্যতা দিয়েই। তাদের ডিফেন্স ছিল সবচেয়ে শক্তিশালী। তা ছাড়া তারা টিকিটাকা ফুটবল খেলেছে। বল হারালেও তা আবার ৫ সেকেন্ডের মধ্যে আয়ত্বে নিয়েছে। মেসিকে তারা ভালো মার্কিংয়ে রেখেছিল। এ জন্য তারা জয় পেয়েছে।
সাবেক এই ফুটবলার বলেন, ফুটবল যে কী পরিমাণ গণমানুষের খেলা এবং বিনোদন তা বিশ্বকাপ এলে আমরা টের পাই। মানুষ ফুটবলের জন্য পাগল। আমাদের দেশ অংশ না নিলেও বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে যে উত্তেজনা এই দেশে দেখা যায় তা অভূতপূর্ব। তাদের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দেয় আগামীর সময়ের মতো পত্রিকার এই ধরনের আয়োজনগুলো। এজন্য পত্রিকার সম্পাদক এবং নীতি নির্ধারণী মহলকে ধন্যবাদ। ভবিষ্যতেও এই ধরনের উদ্দীপনামূলক আয়োজন অব্যাহত থাকবে আশাকরি।







