ডিম পাড়ে যে পাহাড়

চীনের গুইঝো প্রদেশে রয়েছে এক অদ্ভুত পাহাড়, যার নাম ‘চান দা ইয়া’। স্থানীয়দের কাছে এটি ‘ডিম পাড়া পাহাড়’ নামেই পরিচিত। পাহাড়টির বিশেষত্ব হলো, প্রায় ৩০ বছর পরপর এর খাড়া পাথুরে দেয়াল থেকে বড় বড় ডিমের মতো দেখতে মসৃণ পাথর গড়িয়ে নিচে পড়ে। পাথরগুলোর আকৃতি অনেকটা বিশাল ডিমের মতো। কোনো কোনো পাথরের ওজন শত শত কিলোগ্রাম। প্রকৃতির এমন অদ্ভুত কাণ্ড বহু বছর ধরে স্থানীয় মানুষ ও গবেষকদের বিস্মিত করে আসছে। প্রশ্ন জাগে, কীভাবে একটি পাহাড় থেকে ডিমের মতো পাথর বেরিয়ে আসে?
আসলে এই পাথরগুলো রাতারাতি তৈরি হয় না। পাহাড়টির খাড়া অংশ নরম চুনাপাথর ও শক্ত শিলার মিশ্রণে গঠিত। বহু বছর ধরে বাতাস ও বৃষ্টির প্রভাবে নরম পাথরের স্তর ক্ষয়ে যেতে থাকে। একপর্যায়ে ভেতরে থাকা শক্ত ও গোলাকার পাথরগুলো ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসে। পরে সেগুলো পাহাড়ের গা বেয়ে নিচে গড়িয়ে পড়ে। দূর থেকে দেখলে মনে হয়, পাহাড়টি যেন ডিম পাড়ছে।
এই প্রাকৃতিক প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলে। একটি পাথর বাইরে বেরিয়ে আসতে কয়েক দশক পর্যন্ত সময় লাগতে পারে। বিজ্ঞানীরা এর ভূতাত্ত্বিক ব্যাখ্যা দিলেও ঠিক কোন বছর পাথরগুলো পাহাড় থেকে পড়ে যাবে, তা নির্ভুলভাবে বলা কঠিন। আর এই অনিশ্চয়তাই পাহাড়টির প্রতি মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
চান দা ইয়া পাহাড়ের কাছেই রয়েছে গুলু ঝাই নামের একটি গ্রাম। সেখানে বসবাস করে শুই জনগোষ্ঠী। স্থানীয় এই জনগোষ্ঠীর কাছে পাহাড় থেকে বেরিয়ে আসা পাথরের ডিমগুলো সাধারণ কোনো পাথর নয়। তারা এগুলোকে সৌভাগ্য ও সুরক্ষার প্রতীক মনে করে। শুই পরিবারের অনেকেই এসব পাথর ঘরে সাজিয়ে রাখেন। তাদের বিশ্বাস, পাথরগুলোর বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, যা পরিবারকে সুরক্ষা ও সৌভাগ্য এনে দেয়।
প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিশ্বাস ও ঐতিহ্য শুই জনগোষ্ঠীর সংস্কৃতির অংশ হয়ে আছে। পাথরের ডিমগুলোর সঙ্গে তাদের জমি, জীবনযাপন ও সাংস্কৃতিক পরিচয়ের গভীর সম্পর্ক গড়ে উঠেছে। ফলে পাহাড়টি তাদের কাছে শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয়, বরং পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ঐতিহ্যেরও প্রতীক।
তবে চান দা ইয়া পাহাড়ের আকর্ষণ শুধু ডিমের মতো পাথরের মধ্যেই সীমাবদ্ধ নয়। পাহাড়টি প্রাচীন খোদাই ও শিলালিপির জন্যও পরিচিত। এসব খোদাই ও শিলালিপিতে এই অঞ্চলের অতীত ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের নানা নিদর্শন পাওয়া যায়। বহু আগে এখানে বসবাসকারী মানুষের জীবনযাপন, বিশ্বাস ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয় এসব নিদর্শন। স্থানীয়দের বিশ্বাস, পাহাড় ও এর আশপাশের পরিবেশ মানুষ, পশুপাখি এবং ঘরবাড়ির জন্য সৌভাগ্য ও সুরক্ষা বয়ে আনে।
বর্তমানে চান দা ইয়া পাহাড় পর্যটক ও গবেষকদের কাছে আকর্ষণীয় একটি স্থান হয়ে উঠেছে। প্রকৃতির এই বিরল দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন। পাশাপাশি শুই জনগোষ্ঠীর জীবনযাপন, বিশ্বাস ও ঐতিহ্য সম্পর্কেও জানার সুযোগ পান তাঁরা। স্থানীয় কর্তৃপক্ষ ও গবেষকেরা পাহাড়টির প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করছেন। তাঁদের লক্ষ্য, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও যেন এই অনন্য নিদর্শন অক্ষত থাকে।
চীনের গুইঝো প্রদেশের এই পাহাড় প্রকৃতির দীর্ঘ সময় ধরে চলা পরিবর্তনের এক বিস্ময়কর উদাহরণ। বিজ্ঞানীদের কাছে এটি শিলা ও ভূতত্ত্ব নিয়ে গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অন্যদিকে, শুই জনগোষ্ঠীর কাছে এটি তাদের ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আর পর্যটকদের কাছে পাহাড়টি প্রকৃতির এক বিরল ও মনোমুগ্ধকর সৃষ্টি।
প্রকৃতির অনেক পরিবর্তন চোখের সামনে ঘটলেও তার পেছনের প্রক্রিয়া চলে অত্যন্ত ধীরে। কখনো কখনো একটি পাথরের জন্ম ও পাহাড় থেকে বিচ্ছিন্ন হতে কয়েক দশক লেগে যায়। এখানে প্রকৃতির ভূতাত্ত্বিক পরিবর্তন আর মানুষের দীর্ঘদিনের বিশ্বাস ও ঐতিহ্য একসঙ্গে মিশে গেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া






