বিশ্ব রেকর্ডের নেশায় ১৫ লাখ বেলুন, শেষ পর্যন্ত ঘটল বিপত্তি

রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে ওড়ানো হলো ১৫ লাখ বেলুন। ছবি: থম শেরিডান
উদ্দেশ্য ছিল শহরের আকাশ রঙিন বেলুনে ঢেকে দেওয়া। রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে ওড়ানো হলো ১৫ লাখ বেলুন। কিন্তু উৎসবমুখর আয়োজন ডেকে আনলো নানা বিপত্তি। ঘটনাটি ঘটেছিল যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে।
১৯৮৬ সালের ২৭ সেপ্টেম্বর ক্লিভল্যান্ডের পাবলিক স্কয়ারে আয়োজন করা হয় ‘ব্যালুনফেস্ট ’৮৬’। ইউনাইটেড ওয়ে নামের দাতব্য সংস্থার তহবিল সংগ্রহ ও প্রচারণার অংশ ছিল এই আয়োজন। লক্ষ্য ছিল বিপুলসংখ্যক বেলুন একসঙ্গে আকাশে ছেড়ে বিশ্ব রেকর্ড গড়া। আয়োজকেরা চেয়েছিলেন এমন একটি দৃশ্য যা শহরের মানুষ দীর্ঘদিন মনে রাখবেন।
রঙিন বেলুনে ঢেকে যায় আকাশ
বেলুনগুলো ছাড়ার জন্য তৈরি করা হয়েছিল বিশাল কাঠামো, যার মধ্যে জাল দিয়ে আটকে রাখা হয়েছিল লাখ লাখ বেলুন। স্বেচ্ছাসেবীরা সেগুলো ফুলিয়ে প্রস্তুত করেন। নির্ধারিত মুহূর্তে জাল খুলে দেওয়া হলে একসঙ্গে আকাশে ছড়িয়ে পড়ে বিপুলসংখ্যক বেলুন। ক্লিভল্যান্ডের আকাশ তখন রঙিন বেলুনে ভরে ওঠে। দর্শকদের কাছে দৃশ্যটি ছিল উৎসবের এবং ব্যতিক্রমী।
কিন্তু হঠাৎ বিপত্তি ডেকে আনে আবহাওয়া। জটিল হয়ে ওঠে পরিস্থিতি। বেলুনগুলো প্রত্যাশিতভাবে দূরে সরে না গিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। অনেক বেলুন নিচে নেমে এসে এখানে ওখানে জমা হতে থাকে। এতে বিঘ্ন ঘটে যান চলাচল। এমনকি পথচারীরাও বেশ ঝামেলার মুখোমুখি হতে থাকেন। জলপথেও বেলুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে।
উৎসবের পর
বেলুনের কারণে স্থানীয় বার্ক লেকফ্রন্ট বিমানবন্দরের একটি রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। লেক এরিতে নিখোঁজ দুই জেলেকে খুঁজতে কোস্টগার্ডের অনুসন্ধানেও পানিতে ছড়িয়ে থাকা বেলুন বাধা হয়ে দাঁড়ায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শহরের রাস্তাঘাট, জলাশয় ও আশপাশের এলাকায় বেলুন জমে পরিবেশগত সমস্যার সৃষ্টি করে।
ব্যালুনফেস্ট '৮৬ এখন শুধু একটি বিশ্ব রেকর্ড গড়ার আয়োজন হিসেবে স্মরণীয় নয়; বরং বড় আয়োজনের পরিবেশগত পরিণতি নিয়েও আলোচনার উদাহরণ। একসময় এ ধরনের বেলুন উড়িয়ে উদ্যাপন ছিল জনপ্রিয় আয়োজনের অংশ। কিন্তু পরবর্তী সময়ে বেলুনের বর্জ্য, বন্যপ্রাণী ও পরিবেশের ক্ষতির বিষয়টি সামনে আসায় এ ধরনের আয়োজন নিয়ে সচেতনতা বেড়েছে।
ক্লিভল্যান্ডের সেই রঙিন আকাশ কয়েক ঘণ্টার মধ্যেই শহরের জন্য নতুন সমস্যার জন্ম দিয়েছিল। একটি রেকর্ড গড়ার আয়োজন শেষ পর্যন্ত ডেকে আনে নাগরিক বিপত্তি ও পরিবেশের বিপর্যয়।
সূত্র: এনসাইক্লোপিডিয়া অব ক্লিভল্যান্ড হিস্ট্রি, ক্লিভল্যান্ড ম্যাগাজিন, দ্য ওয়েদার চ্যানেল




