হরমুজ প্রণালি দিয়ে জাহাজ সরানো স্থগিত করল জাতিসংঘ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ সরানো স্থগিত করল জাতিসংঘ। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ সরিয়ে নেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের একটি সংস্থা। মূলত ওমান উপকূলের কাছে একটি জাহাজে অজ্ঞাত উৎস থেকে নিক্ষিপ্ত বস্তুর আঘাতের ঘটনার পরপরই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
ইরানের অনুমতি ছাড়া প্রণালির নির্ধারিত পথ ব্যবহার না করার হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই ঘটল এ ঘটনা।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান জানান, পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজগুলোকে হরমুজ প্রণালি হয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। তালিকাভুক্ত জাহাজ ও সংশ্লিষ্ট অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম পুনরায় শুরু করা হবে না।
এদিকে ওমান উপকূলের কাছে যে জাহাজটি আঘাতের শিকার হয়েছে, সেটিতে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা কারা হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি কেন্দ্র জানিয়েছে, হামলায় জাহাজটির ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশগত ক্ষতিরও খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। তবে তা এখনো যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে বিকল্প নৌপথ চালু হলে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ কমবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় ইরানের অন্যতম কৌশলগত সুবিধাও কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা।




