বছরের প্রথম ৬ মাসে ৮০ বিলিয়ন ডলার লোকসানে অ্যানথ্রপিক

ছবি: রয়টার্স
বছরের প্রথম ৬ মাসেই ৮০ বিলিয়ন ডলার লোকসান করেছে জনপ্রিয় চ্যাটবট ক্লডের নির্মাতা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। আগামী কয়েক বছরে কম্পিউটিং সক্ষমতা বাড়াতে ৭৫০ বিলিয়ন ডলার ব্যয় করতে পারে। এ বিষয়ে বর্তমানে আলোচনাধীন সম্ভাব্য চুক্তিগুলোও এ ব্যয়ের অন্তর্ভুক্ত বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, অ্যানথ্রপিকের লোকসানের প্রধান কারণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটির ইস্যু করা কনভার্টিবল নোট ও অন্যান্য আর্থিক উপকরণের মূল্য পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত ৭২ বিলিয়ন ডলারের হিসাবসংক্রান্ত ব্যয়।
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর জন্য প্রস্তুত করা একটি খসড়া বিবরণীতে দেখা গেছে, গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটির লোকসান বেড়েছে। গত বছর লোকসানের এ সংখ্যা ছিল ১৩ বিলিয়ন ডলার।
লোকসানের এ সংখ্যা এআই খাতে প্রতিযোগিতার বিপুল ব্যয়ের চিত্র সামনে এনেছে। চিপ ও ডেটা সেন্টারে কোম্পানিগুলোর বিপুল বিনিয়োগ কতটা সুফল বয়ে আনবে সেটি নিয়ে সতর্ক দৃষ্টি বিনিয়োগকারীদের।
সম্ভাব্য ঝুঁকির একটি তালিকাও প্রকাশ করেছে অ্যানথ্রপিক। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির পণ্যগুলোর নিরাপত্তার অনিশ্চয়তা। সাইবার হামলা কিংবা নিয়ন্ত্রণহীন মডেলের মাধ্যমে ব্ল্যাকমেইলের মতো ঝুঁকিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিষয়ে মন্তব্য জানতে চাইলেও কোনো জবাব দেয়নি অ্যানথ্রপিক।
সূত্র: আল জাজিরা



