ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১

সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার উত্তর মলুকা সাগরের উপকূলে অবস্থিত তারনাতে শহরে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস)-এর দেওয়া তথ্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল তারনাতে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
স্থানীয় সংবাদ চ্যানেল মেট্রো টিভি জানিয়েছে, তারনাতে ও টিডোরের মতো কিছু শহরের স্থানীয় কর্তৃপক্ষকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। ওই চ্যানেলে ক্ষতিগ্রস্ত কিছু ভবনের ছবিও প্রকাশ করা হয়।
সংবাদ সংস্থা এএফপিকে স্থানীয় এক উদ্ধার কর্মকর্তা জানিয়েছেন, নিহত নারী একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন।
ভূমিকম্পের পরপর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।
তবে ভূমিকম্পের দুই ঘণ্টার কিছু সময় পর হাওয়াই-ভিত্তিক প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি) তাদের সতর্কতা প্রত্যাহার করে নেয়। সংস্থাটি জানিয়েছে, সুনামির হুমকি এখন কেটে গেছে।

