গলফ পার্টনার হারালেন ট্রাম্প
- সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু

লিন্ডসে গ্রাহাম
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আকস্মিক রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সাউথ ক্যারোলাইনার এই আইনপ্রণেতার কার্যালয় থেকে আজ রবিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
৭১ বছর বয়সে মারা গেলেন গ্রাহাম। মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার রাতে ক্যাপিটল হিলে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ইউক্রেন সফর শেষ করে সদ্যই দেশে ফেরা গ্রাহামের আজ সকালে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরপর গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গ্রাহামকে তার দেখা অন্যতম মহান ব্যক্তি ও কঠোর দেশপ্রেমিক হিসেবে অভিহিত করেন।
এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও দুঃখ প্রকাশ করেছেন। তার ভাষ্য, ইসরায়েল তার অন্যতম সেরা বন্ধুকে হারাল।
গ্রাহাম ছিলেন একজন কট্টর প্রতিরক্ষা বিশেষজ্ঞ, যিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষার পক্ষে সোচ্চার ছিলেন। তিনি ইসরায়েল ও ইউক্রেনের সমর্থক এবং ইরানের ঘোর বিরোধী হিসেবে পরিচিত ছিলেন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে তিনি ১০ বার ইউক্রেন সফর করেন।
রাজনৈতিক জীবনে গ্রাহাম প্রথমে ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। পরে ক্যাপিটল হিলে তার অন্যতম বিশ্বস্ত ও অনুগত সহযোগীতে পরিণত হন। ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের কড়া সমালোচনা করলেও পরে তিনি ট্রাম্পের গলফ পার্টনার হয়ে ওঠেন।
তবে গত বছর ট্রাম্প যখন ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলায় জড়িত দেড় হাজার সমর্থককে ক্ষমা করার সিদ্ধান্ত নেন, তখন গ্রাহাম প্রকাশ্যেই তার বিরোধিতা করে মন্তব্য করেছিলেন।
ব্যক্তিগত জীবনে অবিবাহিত গ্রাহাম ২০০২ সালে প্রথম সিনেটর নির্বাচিত হয়েছিলেন।




