মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহবান ক্যারোলিন লিভিটের
- খ্রিস্টানদের সংখ্যা ছাড়িয়ে যাবে মুসলিমরা

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গত বুধবার প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়, ২০৩৫ সালে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম। বৈশ্বিক জনসংখ্যার দিক থেকে খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলিমরা। গবেষণার ফলাফল আসার পরই মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। একই সঙ্গে তাদের খ্রিস্টান মূল্যবোধের ভিত্তিতে বড় করে তোলারও কথা বলেছেন তিনি। হিন্দুস্তান টাইমসের গতকাল শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, লিভিটের এমন মন্তব্যের পর বিতর্কের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত বৃহস্পতিবার এক্সে শেয়ার করা একটি পোস্টে লিভিট যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিবাহ, পারিবারিক জীবন ও ধর্মের ওপর মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, ‘বিয়ে করুন আরও সন্তান নিন, তাদের গির্জার পরিবেশে বড় করে তুলুন এবং তাদের আমেরিকাকে ভালোবাসতে শেখান।’ তার এই বার্তার সঙ্গে ছিল ‘ওয়াশিংটন পোস্ট’-এর একটি শিরোনামের স্ক্রিনশট। সেখানে লেখা ছিল, ‘গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সাল নাগাদ বিশ্ব জুড়ে খ্রিস্টানদের তুলনায় মুসলমানদের সংখ্যা বেশি হবে।’
লিভিটের এমন পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু ব্যবহারকারী তার বার্তাটিকে স্বাগত জানিয়েছেন এবং বিয়ে, সন্তান ও বিশ্বাসবিষয়ক তার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছেন। অন্যরা তার মন্তব্যের সঙ্গে পোষণ করেছেন দ্বিমত। সেই সঙ্গে মানুষকে একটি নির্দিষ্ট ধর্মীয় পথ অনুসরণে উৎসাহিত করার ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছেন তারা। অনেক সমালোচক যুক্তরাষ্ট্রে তরুণ পরিবারগুলোর সম্মুখীন হওয়া আর্থিক সংকট নিয়েও প্রকাশ করেছেন উদ্বেগ। তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিশুযত্নের উচ্চ খরচ এবং কর্মজীবী বাবা-মায়ের জন্য সীমিত সহায়তার বিষয়টি তুলে ধরেছেন। একজন ব্যবহারকারী যুক্তি দিয়ে লিখেছেন, এই বিতর্কটি যেন বিভিন্ন ধর্মের মধ্যে প্রতিযোগিতায় রূপ না নেয়। তিনি কমেন্ট করেছেন, ‘বিষয়টিকে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সন্তান জন্মদানের প্রতিযোগিতায় নামিয়ে আনা উচিত নয়। প্রকৃত সমাধানটি খুবই সহজ: পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করে দেওয়া হোক, যাতে তারা নিজেদের সংস্কৃতি বজায় রাখতে পারে।’
যোগাযোগমাধ্যমের আরেক ব্যবহারকারী সমালোচনা করেছেন জন্মহার বাড়ানোর ওপর রাজনৈতিক গুরুত্ব আরোপের। তিনি উল্লেখ করেছেন, বাবা-মায়ের জন্য প্রয়োজনীয় সহায়তার অভাব রয়েছে। ওই ব্যবহারকারী লিখেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, ডে কেয়ার সুবিধা, জীবনধারণের উপযোগী মজুরি এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বলছেন ‘আরও সন্তান নিন’। অথচ এরপরই তারা অবাক হন যে, মানুষ কেন আরও সন্তান নিচ্ছে না।’ তৃতীয় একজন ব্যক্তি সন্তান বড় করার আর্থিক চাপের কথা তুলে ধরে বলেছেন



