মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের সোশ্যাল পোস্ট ঘিরে বর্ণবাদী উসকানির অভিযোগ

ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রে খাদ্যসহায়তা কর্মসূচিতে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়াচ্ছে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন অ্যাকাউন্ট। ছবিগুলোয় দেখা যাচ্ছে, একটি কুমড়ায় সোমব্রেরো টুপির নকশা খোদাই করা হয়েছে এবং পেছনে হ্যালোইন উৎসবের সাজানো পটভূমি ব্যবহার করা হয়েছে। এসব পোস্টকে উসকানিমূলক বক্তব্য হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করছেন অনেকে।
মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এসব পোস্ট দেওয়া হলো। একই সময়ে সরকার অভিবাসনবিরোধী কঠোর অভিযান জোরালোভাবে তুলে ধরার প্রচার চালাচ্ছে। পাশাপাশি করদাতাদের অর্থ সাশ্রয়ে জালিয়াতির বিরুদ্ধে অভিযানও সামনে আনছে প্রশাসন। স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি ও অন্যান্য অর্থনৈতিক চাপের কারণে জীবনযাত্রার ব্যয় ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগ হয়ে উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শনিবার কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছবি পোস্ট করেন। ছবিতে ওই ব্যক্তির পেছনে মার্কিন মুদ্রার মতো দেখতে নোটের স্তূপ রয়েছে। ছবির ওপরে লেখা ‘স্ন্যাপ জালিয়াত’। এটি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপের প্রতি ইঙ্গিত করে। কর্মসূচিটি আগে ফুড স্ট্যাম্প নামে পরিচিত ছিল।
ছবিতে ওই ব্যক্তির হাতে আগুনে জ্বলতে থাকা একটি নোটের মতো কিছু দেখা যায়। পেছনে হ্যালোইন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ‘স্পিরিট হ্যালোইন’-এর সাজানো প্যাকেজিংয়ের আদলে লেখা রয়েছে, ‘কিছু পোশাকের সঙ্গে মূল্য দিতে হয়। এটির মূল্য কারাদণ্ড।’
২০২৪ সালের নভেম্বরে ট্রাম্পের মনোনয়নে যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া রোলিন্সের পোস্টের আরেকটি ছবিতে দেখা যায়, কালো রঙের একটি কুমড়ায় সোমব্রেরো টুপির আকৃতি খোদাই করা হয়েছে। ছবির সঙ্গে লেখা, ‘ভৌতিক মৌসুম এসে গেছে।’ ছবিটি গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়।
রোলিন্সের শনিবারের পোস্টটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ‘শটি ড্রেড’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্ট থেকে নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।
চলতি মাসের শুরুতে জর্জিয়ায় সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের ৪০ লাখ ডলারের বেশি সুবিধা জালিয়াতির মাধ্যমে নেওয়ার অভিযোগে মার্সিডিজ রেশার্ড নিউকে গ্রেপ্তার করা হয়। বিচার বিভাগ তাকে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ হিসেবে শনাক্ত করেছে। তিনি ‘শটি ড্রেড’ নামেও পরিচিত।
সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে উসকানিমূলক ছবি পোস্ট করার অভিযোগ হোয়াইট হাউজের বিরুদ্ধে এবারই প্রথম নয়।
এক বছরের কিছু বেশি সময় আগে সরকারি অচলাবস্থার সময় ট্রাম্পের পোস্ট করা একটি ডিপফেক ভিডিও আবার প্রচার করেছিল হোয়াইট হাউজ। ভিডিওতে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসকে নকল গোঁফ ও সোমব্রেরো টুপি পরা অবস্থায় দেখানো হয়। সেখানে অভিযোগ করা হয়েছিল, ডেমোক্র্যাটরা মার্কিন নাগরিকদের পরিবর্তে অবৈধ অভিবাসীদের স্বার্থে কাজ করছেন।
জেফরিস ওই মিমকে বিদ্বেষমূলক বলে আখ্যা দিয়েছিলেন। হোয়াইট হাউজের ব্রিফিং কক্ষে ভিডিওটি বারবার দেখানো হয়। তবে ডেমোক্র্যাটরা সরকারি অচলাবস্থা অবসানে সম্মত হলে ‘সোমব্রেরো মিম বন্ধ হবে’ বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এ বিষয়ে মন্তব্য জানতে ইমেইল করা হলেও ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি) কোনো জবাব দেয়নি। হোয়াইট হাউজ ও রোলিন্সের কাছ থেকেও সাড়া পাওয়া যায়নি।সাম্প্রতিক সপ্তাহগুলোয় অভিবাসনবিরোধী বক্তব্য ও জালিয়াতির অভিযোগ আরও জোরালো করেছে ট্রাম্প প্রশাসন। এসব অভিযোগের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরও। চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসিতে তার বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা। তার পরিবারের অভিবাসনসংক্রান্ত কাগজপত্রে সম্ভাব্য জালিয়াতির অভিযোগ তদন্ত করছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ। সোমালিয়ায় জন্ম নেওয়া ওমর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন।এ ছাড়া জালিয়াতির অভিযোগে প্রধানত ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন কয়েকটি অঙ্গরাজ্যের বিরুদ্ধে একের পর এক শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এসব অঙ্গরাজ্যের মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া ও মিনেসোটা। অঙ্গরাজ্য দুটির গভর্নরদের অভিযোগ, রাজনৈতিক কারণে তাদের রাজ্যগুলোকে লক্ষ্যবস্তু করছে কেন্দ্রীয় সরকার।২১ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকারের প্রসিকিউটররা জানান, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত চুরি করা পরিচয় ব্যবহার করে ৩৫০টির বেশি ভুয়া স্ন্যাপ অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতেন নিউ। তার বিরুদ্ধে অভিযোগ, নিজের প্রতিষ্ঠান শটি ড্রেড এলএলসিকে স্ন্যাপের অনুমোদিত বিক্রেতা হিসেবে নিবন্ধনের আবেদন করেছিলেন তিনি। পরে ইবিটি ডেবিট কার্ড ব্যবহার করে এসব অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ লাখ ডলার তুলে নেন।কেন্দ্রীয় প্রসিকিউটরদের ভাষ্য, দুই মিলিয়নের বেশি অনুসারী থাকা নিউয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার বিলাসবহুল জীবনযাপনের ছবি তুলে ধরা হয়েছে। পোস্টগুলোয় ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণ, নিজের ‘সুপার ম্যানশনের’ সামনে রোলস-রয়েস গাড়ির সঙ্গে পোজ দেওয়া এবং বিপুল পরিমাণ নগদ অর্থ হাতে নেওয়ার ছবি রয়েছে।এফবিআইয়ের আটলান্টা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট মার্লো গ্রাহাম সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অভাবী পরিবারগুলোর খাবারের জোগানে এ অর্থ ব্যয় হওয়ার কথা ছিল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শটি ড্রেড’ নামে পরিচিত নিউ অভিযোগ অনুযায়ী, সেই অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপনের খরচ জুগিয়েছেন।’৭ অক্টোবর কেন্দ্রীয় গ্র্যান্ড জুরি নিউয়ের বিরুদ্ধে ডাকযোগে জালিয়াতি ও গুরুতর পরিচয় চুরির কয়েক ডজন অভিযোগে মামলা করেন। এ ছাড়া স্ন্যাপ জালিয়াতি এবং প্রবেশাধিকারযুক্ত ডিভাইসের অবৈধ লেনদেনের একটি করে অভিযোগ আনা হয়। ১৩ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এখনো কেন্দ্রীয় হেফাজতে রয়েছেন।ফুলটন কাউন্টি কারাগারের নথি অনুযায়ী, পরিচয় চুরি, বিমা জালিয়াতি, আর্থিক লেনদেনের কার্ড জালিয়াতি, জালিয়াতি করে নথি তৈরি এবং সাধারণ হামলাসহ বিভিন্ন অপরাধের সন্দেহে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন নিউ।আদালতের নথিতে নিউয়ের আইনজীবী হিসেবে জোসেফ অস্টিনের নাম উল্লেখ রয়েছে। তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো জবাব দেননি।সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস



