ডালাস বিমানবন্দরে মুসলিমদের নতুন সুবিধা — ওজু স্টেশন

এআই নির্মিত ছবি
যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএফডাব্লিউ)-এর টার্মিনাল ডি-র বাথরুমে বসানো হচ্ছে মুসলিম যাত্রীদের ওজুর জন্য বিশেষ ফুট-ওয়াশিং বা অজু স্টেশন। প্রকল্পটির ব্যয় প্রায় ৩ লাখ ডলার এবং অর্থায়ন হবে বেসরকারিভাবে। চলতি বছরের শেষ নাগাদ কাজ শেষ হওয়ার প্রত্যাশা রয়েছে।
নামাজের আগে ওজু করতে মুসলিম যাত্রীদের আর আলাদা জায়গা খুঁজতে হবে না। টার্মিনাল ডি-র পুরুষ ও নারীদের বাথরুমে আলাদা করে একটি করে বিশেষ ওজু স্টেশন বসানোর পরিকল্পনা করা হয়েছে।
সাধারণ বেসিনে পা ধোয়ার সময় মেঝেতে পানি পড়ে পিছলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। নতুন স্টেশনগুলো বিশেষভাবে পা ধোয়ার উপযোগী হওয়ায় পানি ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানোর পাশাপাশি বাথরুমের পরিচ্ছন্নতাও বজায় থাকে।
প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক যাত্রী ডিএফডাব্লিউ বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। মুসলিম যাত্রীদের জন্য ওজুর সুবিধা যুক্ত হওয়ায় বিমানবন্দরের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য আরও দৃশ্যমান হচ্ছে।
টার্মিনাল ডি-তে আগে থেকেই একটি ইন্টারফেইথ চ্যাপেল রয়েছে। নতুন ওজু স্টেশন চালু হলে মুসলিম যাত্রীদের নামাজের প্রস্তুতি নেওয়া আরও সহজ হবে।
উদ্যোগটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। সমর্থকদের মতে, আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সুবিধা থাকা স্বাভাবিক। তাদের কাছে এটি অন্তর্ভুক্তিমূলক যাত্রীসেবার উদাহরণ।
অন্যদিকে, সমালোচকদের কেউ কেউ বিমানবন্দর অবকাঠামোয় নির্দিষ্ট ধর্মীয় সুবিধা যুক্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে প্রায় ৩ লাখ ডলারের এই প্রকল্পের অর্থায়ন বেসরকারিভাবে হওয়ায় সরকারি অর্থ ব্যবহারের প্রশ্নটি এখানে আলাদা মাত্রা পেয়েছে।






