এআই ও ক্রিপ্টোতে আধিপত্য ধরে রাখতে মরিয়া ট্রাম্প
- হোয়াইট হাউসে শীর্ষ টেক নেতাদের সঙ্গে বৈঠক

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) , ক্রিপ্টো কারেন্সি ও ডিজিটাল অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রযুক্তি ও ক্রিপ্টো খাতের শীর্ষ নেতাদের নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি স্পষ্ট করেছেন—উদীয়মান প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে সবার আগে রাখতে চান।
বুধবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে অনুষ্ঠিত বৈঠকে প্রযুক্তি ও ক্রিপ্টো খাতের শীর্ষ নির্বাহী এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় উঠে আসে এআই, বিটকয়েন, ডিজিটাল সম্পদ, ক্রিপ্টো নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের প্রযুক্তি অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
বৈঠকে কয়েনবেস, রিপেল, নাসডাক, রবিনহুড ও ক্রাকেনের মতো প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া অংশ নেন এসইসি চেয়ারম্যান পল অ্যাটকিনস এবং সিএফটিসির চেয়ারম্যান মাইক সেলিগ।
ট্রাম্পের বক্তব্যে ছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্ব ধরে রাখার দৃঢ় প্রত্যয়। তিনি বলেন, এআই ও ক্রিপ্টোসহ নতুন প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে তার লক্ষ্য শুধু এই অবস্থান ধরে রাখা নয়, বরং প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান আরও বাড়ানো।
ক্রিপ্টো খাতের নিয়ন্ত্রণও ছিল বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল সম্পদ নিয়ে নতুন আইন দ্রুত এগিয়ে নেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তার প্রশাসন চায়, ক্রিপ্টো বাজারে কোন নিয়ন্ত্রক সংস্থার কী দায়িত্ব থাকবে, তা আরও স্পষ্ট করা হোক।
এআই নিয়েও ট্রাম্প প্রশাসনের অবস্থান ক্রমেই স্পষ্ট হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধু প্রযুক্তিগত উদ্ভাবন হিসেবে নয়, অর্থনীতি, কর্মসংস্থান, জাতীয় নিরাপত্তা এবং চীনের সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখছে ওয়াশিংটন।
বিশেষ করে এআই ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণ ঘিরে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ ব্যবহার ও পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্ক বাড়ছে। এর মধ্যেই ট্রাম্প প্রযুক্তি অবকাঠামো সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়েছেন। তার নীতির মূল বার্তা—এআইয়ে নেতৃত্ব ধরে রাখতে হলে বিপুল পরিমাণ ডেটা সেন্টার, বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামো দ্রুত গড়ে তুলতে হবে।
ক্রিপ্টো বাজারেও ট্রাম্প প্রশাসনের নীতিগত অবস্থানের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ডিজিটাল সম্পদ খাতের জন্য আরও স্পষ্ট ও ব্যবসাবান্ধব নিয়ন্ত্রক কাঠামো তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউসে প্রযুক্তি ও ক্রিপ্টো খাতের প্রভাবশালী ব্যক্তিদের এক টেবিলে এনে ট্রাম্প প্রশাসন একটি বড় রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা দিয়েছে। সেটি হলোে এআই, ক্রিপ্টো ও ডিজিটাল সম্পদকে ভবিষ্যৎ অর্থনীতির কৌশলগত খাত হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
বিশ্ব যখন এআই ও ডিজিটাল অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়ে নতুন প্রতিযোগিতায় প্রবেশ করছে, তখন ট্রাম্পের অবস্থানও স্পষ্ট—এই দৌড়ে যুক্তরাষ্ট্র শুধু অংশগ্রহণকারী হতে চায় না; নেতৃত্বের আসনটিও নিজেদের দখলে রাখতে চায়।






