বিশ্বব্যবস্থা বদলের বার্তা তেহরানের
যুক্তরাষ্ট্র আর বিজয়ী শক্তি নয়
- পুরোনো ছবি দিয়ে ফিরবে না পুরোনো বিশ্বব্যবস্থা, ট্রাম্পকে কটাক্ষ
- সুয়েজ থেকে ভিয়েতনাম, ইরাকে মার্কিন শক্তির ব্যর্থতার ইতিহাস
- বহুমেরু বিশ্বে একক আধিপত্য ধরে রাখা কঠিন, সতর্কতা বিশেষজ্ঞদের

ইতিহাসের পাতায় বিজয়ীদের ছবি থাকে। কিন্তু সময়ের স্রোতে সেই বিজয়ের অর্থও বদলে যায়। একসময় যে পরাশক্তির সিদ্ধান্তে বদলে যেত পৃথিবীর মানচিত্র, আজ তার সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ জানাচ্ছে অপেক্ষাকৃত 'দুর্বল' রাষ্ট্র। ৮১ বছর আগের ইয়াল্টা সম্মেলনের স্মৃতি ফিরিয়ে বিশ্বনেতাদের ক্ষমতার প্রদর্শন করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে তেহরান জানিয়ে দিল, আমেরিকা আর সেই বিজয়ী শক্তি নেই। ইরানের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছে ওয়াশিংটন। বিশ্বের ক্ষমতার ভারসাম্যও বদলে গেছে। ইরানের এই দাবি নতুন করে সামনে এনেছে এক পুরোনো বাস্তবতা। যুদ্ধক্ষেত্রে সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেই রাজনৈতিক বিজয় নিশ্চিত হয় না।
রবিবার ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রকে ‘যুদ্ধে পরাজিত দেশ’ বলে অভিহিত করেছেন।
তার বক্তব্য, ‘২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে আজকের আমেরিকাও সেই সময়ের আমেরিকা নয়। বরং যুদ্ধে বিজয়ী শক্তি থেকে পরাজিত দেশে পরিণত হয়েছে।’
রেজাই আরও লিখেছেন, ‘পৃথিবী বদলে গেছে। পুরোনো ছবি দিয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে অতীতে ফিরিয়ে নেওয়া যায় না।’
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেন ট্রাম্প। পরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে ওই বৈঠকের তুলনা করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন তিনি। সেই তুলনার জবাবেই রেজাইয়ের মন্তব্য।
১৯৪৩ সালের তেহরান সম্মেলনে মিলিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত নেতা জোসেফ স্তালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সামরিক কৌশল নির্ধারণ ছিল তাদের উদ্দেশ্য।
১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ইয়াল্টায় আবারও বৈঠক করেন তিন নেতা। যুদ্ধোত্তর ইউরোপের রাজনৈতিক বিন্যাস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সেখানে।
ইরানের বক্তব্য, সেই পরাশক্তিনির্ভর বিশ্বব্যবস্থার সঙ্গে আজকের বহুমেরু বিশ্বের মৌলিক পার্থক্য রয়েছে।
মার্কিন শক্তির সীমা নিয়ে কার্নেগির বিশ্লেষণ
ইরানের বর্তমান দাবির সঙ্গে প্রাসঙ্গিক আলোচনা পাওয়া যায় যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের একটি বিশ্লেষণে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত ‘ইরান যুদ্ধ মার্কিন শক্তির সীমাবদ্ধতা দেখিয়ে দিয়েছে’ শীর্ষক নিবন্ধে প্রতিষ্ঠানটির মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক আমর হামজাওয়ি বলেছেন, সামরিক শক্তিতে অপ্রতিদ্বন্দ্বী হয়েও যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল অর্জনে ক্রমেই বাধার মুখে পড়ছে।
তার বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান বিশ্ব আর একক পরাশক্তির নিয়ন্ত্রণে নেই। চীন, রাশিয়া, আঞ্চলিক শক্তি ও বিভিন্ন অরাষ্ট্রীয় পক্ষ আন্তর্জাতিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফলে শুধু অস্ত্রের শ্রেষ্ঠত্ব দিয়ে অন্য দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা কঠিন।
সুয়েজ থেকে ভিয়েতনাম, ইরাকের শিক্ষা
ইতিহাস টেনে হামজাওয়ি স্মরণ করিয়েছেন ১৯৫৬ সালের সুয়েজ সংকট।
মিসরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল সামরিক অভিযান চালায়। সামরিক সাফল্য পেলেও আন্তর্জাতিক চাপের মুখে রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় তারা।
এই ব্যর্থতা ব্রিটিশ সাম্রাজ্যের আন্তর্জাতিক প্রভাব কমে যাওয়ার গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে।
একই ধরনের অভিজ্ঞতা হয় যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধে। বিপুল সামরিক সক্ষমতা সত্ত্বেও স্থানীয় প্রতিরোধ, দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং দেশের অভ্যন্তরে জনমতের বিরোধিতার কারণে ওয়াশিংটন লক্ষ্য অর্জন করতে পারেনি।
২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেনের সরকার দ্রুত উৎখাত করলেও দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। সৃষ্টি হয় নিরাপত্তাশূন্যতা, সাম্প্রদায়িক সহিংসতা ও দীর্ঘ সংঘাত।
হামজাওয়ির মতে, এই ঘটনাগুলো প্রমাণ করে সামরিক বিজয় আর স্থায়ী রাজনৈতিক সাফল্য এক বিষয় নয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা আঘাত হানে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিসংবলিত দেশগুলোতে।
কার্নেগির বিশ্লেষণে বলা হয়েছে, প্রচলিত সামরিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সক্ষমতার বড় পার্থক্য রয়েছে। কিন্তু ক্ষেপণাস্ত্র, অসম যুদ্ধকৌশল এবং আঞ্চলিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে তেহরান সংঘাতের ব্যয় বাড়াতে সক্ষম।
এর ফলে যুদ্ধক্ষেত্রের সামরিক সাফল্যকে স্থায়ী রাজনৈতিক সমাধানে রূপ দেওয়া কঠিন হচ্ছে ওয়াশিংটনের জন্য।
তবে হামজাওয়ি যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পরাজিত ঘোষণা করেননি। তার বক্তব্য, দেশটির অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামরিক শ্রেষ্ঠত্ব এখনো উল্লেখযোগ্য। সংকটটি মূলত সেই শক্তিকে কার্যকর রাজনৈতিক প্রভাবে রূপান্তরের।
যুদ্ধের মধ্যেও কূটনীতির চেষ্টা
শুক্রবার (২০ নভেম্বর) রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুদ্ধ অবসানে কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে আর যুদ্ধ হবে না, এমন নিশ্চয়তা দিতে পারে এমন চুক্তি চায় তেহরান।
অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, ইরান সমঝোতা চাইলেও তাদের প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য নয়।
শনিবার (২১ নভেম্বর) রয়টার্স আরও জানিয়েছে, কাতারের প্রতিনিধিদল তেহরানে আলোচনা করেছে। মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ইরান।
এতে স্পষ্ট, যুদ্ধের চূড়ান্ত রাজনৈতিক নিষ্পত্তি এখনো হয়নি।
ইতিহাসের বিচারে পরাশক্তির ক্ষমতা শুধু কত দূরে আঘাত হানতে পারে, তা দিয়ে নির্ধারিত হয় না। নির্ধারিত হয় কতটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে, তা দিয়েও। ইরানযুদ্ধ সেই বাস্তবতাই নতুন করে সামনে এনেছে। পুরোনো বিশ্বব্যবস্থার স্মৃতি এখনো শক্তিশালী। কিন্তু বর্তমান বিশ্বের শক্তিসমীকরণ আর আগের জায়গায় নেই। ইতিহাসের পুরোনো ছবিতে বিজয়ীদের মুখ অমলিন থাকতে পারে। ভবিষ্যতের ইতিহাসে তাঁদের উত্তরাধিকার নির্ধারণ করবে নতুন পৃথিবীর বাস্তবতা।



