ট্রাম্পের সফরের আগে গলফ ক্লাবের কাছে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ ক্লাবের কাছে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। ট্রাম্পের সেখানে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
৩৮ বছর বয়সী জিনিন জন তায়েলে র্যাঞ্চো পালোস ভার্দেসের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ ধরা পড়েছেন বলে তদন্তকারীরা জানিয়েছেন।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগ জানিয়েছে, তাকে গলফ ক্লাবের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ছবি ও ভিডিও ধারণ করতে এবং নিরাপত্তা পরিকল্পনার কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায়।
রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ট্রাম্প বর্তমানে ক্যালিফোর্নিয়া সফরে রয়েছেন। মঙ্গলবার ওই গলফ ক্লাবেই রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
তায়েলের বিরুদ্ধে গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং বর্মভেদী ও নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়েছে।
শেরিফের বিভাগ জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুরের দিকে পোশাকের বাইরে থাকা কয়েকজন কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সন্দেহজনক এক ব্যক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ তায়েলেকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে, এল সেগুন্দো পুলিশ বিভাগ একটি ডাকাতির ঘটনায় তাকে খুঁজছিল।
তল্লাশির সময় তার কাছে ১৬ রাউন্ডের একটি ম্যাগাজিন পাওয়া যায়, যাতে হোলো-পয়েন্ট গুলি ছিল। গলফ ক্লাবে রাখা তার গাড়িতেও একটি লোড করা পিস্তল এবং হোলো-পয়েন্ট গুলিসহ একটি ম্যাগাজিন পাওয়া যায়।
হোলো-পয়েন্ট গুলি আঘাতের পর চ্যাপ্টা ও প্রশস্ত হয়ে যায়, ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে বেশি ক্ষতি করতে পারে। যুক্তরাষ্ট্রের কঠোরতম অস্ত্র আইনের অন্যতম ক্যালিফোর্নিয়ায় ১০টির বেশি গুলি ধারণ করতে পারে—এমন ম্যাগাজিন নিষিদ্ধ।
সোমবার লস অ্যাঞ্জেলেস এলাকার ডাউনি শহরে তায়েলের বাড়িতে অভিযান চালায় এফবিআইয়ের যৌথ সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগের প্রধান অপরাধ তদন্ত ব্যুরো।
শেরিফের বিভাগ জানিয়েছে, ‘ঘটনাটির সম্ভাব্য নিরাপত্তাগত প্রভাবের’ কারণে বাড়িটিতে তল্লাশি চালানো হয়। সেখানে একটি ‘অবৈধভাবে পরিবর্তিত এআর প্ল্যাটফর্ম রাইফেল’, একটি .৪৫ পিস্তল, বর্ম, উচ্চক্ষমতার একাধিক ম্যাগাজিন, পিস্তল ও রাইফেলের বিপুলসংখ্যক গুলি এবং ‘উদ্বেগজনক বক্তব্য’ লেখা একাধিক নোটবুক পাওয়া গেছে।
তদন্ত চলছে। এতে যুক্ত হয়েছে মার্কিন সিক্রেট সার্ভিসও। পরে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে শেরিফের বিভাগ বলেছে, এখন পর্যন্ত ওই ঘটনা থেকে স্থানীয় জনগণের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য হুমকি’ শনাক্ত করা যায়নি।
তাদের ভাষ্য, ‘ঘটনাটি পরিস্থিতির প্রতি সতর্ক থাকা, স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শক্তিশালী সমন্বয় এবং সন্দেহজনক কর্মকাণ্ড বড় ঘটনায় পরিণত হওয়ার আগেই তা শনাক্ত ও তদন্তের গুরুত্ব তুলে ধরে।’
ট্রাম্পের বিরল ক্যালিফোর্নিয়া সফরের মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। ওই গলফ ক্লাবে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সমালোচনা করে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিউসম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার ট্রাম্প লাস ভেগাসে যাবেন এবং সেখানে একটি ক্যাসিনোতে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়ার সময়েই তার এসব সফর হচ্ছে। ওই নির্বাচনে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ধারিত হবে।
সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প তিনটি হত্যাচেষ্টার মুখে পড়েছেন। সর্বশেষ ঘটনায় ওয়াশিংটনে হোয়াইট হাউসের একটি নৈশভোজের সময় এক বন্দুকধারী একটি হোটেলে হামলা চালিয়েছিল। এরপর ট্রাম্পকে সুরক্ষা দেওয়ার প্রোটোকল পর্যালোচনার কথা জানিয়েছিল তার নিরাপত্তা দল।
তবে র্যাঞ্চো পালোস ভার্দেসে গ্রেপ্তার হওয়া ব্যক্তি ট্রাম্পের ক্ষতি করতে চেয়েছিলেন কি না, তা কর্মকর্তারা জানাননি। এ ধরনের কোনো অভিযোগেও তার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা করা হয়নি।
সূত্র : বিবিসি







