গাজা বোর্ড অব পিসের প্রথম শীর্ষ বৈঠক, তারিখ ঘোষণা

ফাইল ছবি
হোয়াইট হাউস গাজা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম শীর্ষ নেতাদের বৈঠক আগামী ১৯ ফেব্রুয়ারি আয়োজনের পরিকল্পনা করছে। শুক্রবার প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বোর্ডের অন্তর্ভুক্ত চারটি দেশের কূটনীতিক ও একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, গাজা পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ সম্মেলন হিসেবেও পরিকল্পিত এই বৈঠকের প্রস্তুতি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এতে পরিবর্তন আসতে পারে। বৈঠকটি ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈঠকের আগের দিন ১৮ ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।
গত জানুয়ারির শেষ দিকে ট্রাম্প এই বোর্ড গঠন করেন, যার সভাপতিত্ব তিনি নিজেই করবেন। তার ভাষ্য অনুযায়ী, বোর্ডটির লক্ষ্য হবে বৈশ্বিক সংঘাতের সমাধান। তবে বহু বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের একটি বোর্ড জাতিসংঘের ভূমিকা দুর্বল করতে পারে।
বিশ্বের বিভিন্ন সরকার এই উদ্যোগে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকটি মিত্র দেশ এতে যোগ দিলেও যুক্তরাষ্ট্রের বহু ঐতিহ্যবাহী পশ্চিমা মিত্র এখনো এতে অংশ নেয়নি।



