দ. কোরিয়ার আকাশে রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশ

পূর্ব সাগরের ওপর দিয়ে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে কয়েকটি রুশ যুদ্ধবিমান সাময়িকভাবে প্রবেশ করেছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। শীর্ষস্থানীয় দৈনিক ‘দ্য কোরিয়া টাইমস’-এর প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, গতকাল খুব ভোরে রুশ বিমানগুলো আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে উল্লুং দ্বীপের কাছাকাছি চলে আসে। এর পরপরই সামরিক বাহিনী জরুরি সতর্কতা জারি করে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী যুদ্ধবিমান উড্ডয়ন করে। তবে রুশ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার মূল আকাশসীমা লঙ্ঘন না করেই ওই অঞ্চল ত্যাগ করার কথা নিশ্চিত করেছে জয়েন্ট চিফস অব স্টাফ।
এ ঘটনার পরপরই উত্তর গিয়ংসাং প্রাদেশিক সরকার উল্লুং দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য একটি সতর্কবার্তা পাঠায়। প্রায় ৫ মিনিট পর কর্মকর্তারা সেই সতর্কতা তুলে নেন। কিন্তু ওই বার্তায় ভুলবশত রুশ বিমানগুলোকে ‘সন্দেহভাজন উত্তর কোরীয় বিমান’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি করে।



