৭৪ ‘সন্ত্রাসীকে’ হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

পাকিস্তান সেনাবাহিনী— রয়টার্স
গত দেড় সপ্তাহে পাকিস্তানের দুই প্রদেশে অন্তত ৭৪ জন ‘সন্ত্রাসীকে’ হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, গত ৩ নভেম্বর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটা জেলার কুররাম এলাকায় ৩১ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
পৃথক দুটি বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মির আলি ও ওরাকজাই এলাকায় আরও ৪৩ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘বিদেশি পৃষ্ঠপোষকতা ও সহায়তায় পরিচালিত সন্ত্রাসবাদের হুমকি দেশ থেকে নির্মূল করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর নিরবচ্ছিন্ন সন্ত্রাসবিরোধী অভিযান পুরোদমে চলতে থাকবে।’
সেনাবাহিনী আরও জানিয়েছে, অভিযান চালানো এলাকাগুলোতে তল্লাশির সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ঘরে তৈরি বিস্ফোরক ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় বুধবার সন্দেহভাজন সশস্ত্র যোদ্ধাদের হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হন। ওই ঘটনার দুই দিন পর সেনাবাহিনী এ বিবৃতি দিল।
সূত্র : আনাদোলু এজেন্সি



