পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি

সংগৃহীত ছবি
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করা হয়েছে। প্রদেশটির ক্ষমতায় রয়েছে ইমরান খানের দল পিটিআই।
আজ রবিবার ফেডারেল মন্ত্রিসভার সুপারিশে রাষ্ট্রপতির অনুমোদনের পর পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এ প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করে।
কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চের মধ্যেই নেওয়া হলো এ সিদ্ধান্ত।
প্রেসিডেন্ট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের আওতায় এই পদক্ষেপগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। এই দুটি অনুচ্ছেদ জরুরি অবস্থা ঘোষণা এবং গভর্নরের শাসন জারির বিষয়ের সঙ্গে সম্পর্কিত।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে ফেডারেল মন্ত্রিসভার একটি বৈঠকের পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে তাকে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভার সদস্যরা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে প্রাদেশিক সরকারের ইচ্ছাকৃতভাবে সরে আসার’ বিষয়টি আমলে নিয়েছেন।
পরিস্থিতির ‘গুরুত্ব’ বিবেচনা করে সদস্যরা প্রস্তাব করেন যে, প্রধানমন্ত্রী যেন রাষ্ট্রপতিকে তার ‘সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে ওই প্রদেশে জরুরি অবস্থা জারি করার’ পরামর্শ দেন।
এদিকে কেন্দ্রীয় সরকার ড. মুহাম্মদ ফখর আলম ইরফানকে খাইবার পাখতুনখাওয়ায় মুখ্যসচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
এর আগে ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের ইসলামাবাদমুখী লংমার্চ গত ৪ অক্টোবর খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে শুরু হয়। এ কর্মসূচি আজ অষ্টম দিনেও অবস্থান করছে খাইবার পাখতুনখাওয়ায়।
সূত্র : ডন




