কুয়েতে ৩ হাজার দিনার বা বেশি অর্থ বহনে কড়া সতর্কতা
- না জানালে কারাদণ্ড ও বড় জরিমানা

কুয়েতে যাতায়াতকারী প্রবাসী, নাগরিক ও বিদেশি ভ্রমণকারীদের অর্থ বহনের বিষয়ে কড়া সতর্কবার্তা জারি করেছে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, এখন থেকে কুয়েতে প্রবেশ কিংবা দেশ ছাড়ার সময় কারও কাছে ৩ হাজার কুয়েতি দিনার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকলে তা অবশ্যই কাস্টমস কর্তৃপক্ষের কাছে জানাতে হবে,এই নিয়ম ভাঙলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডসহ বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ভ্রমণকারী।
এই কড়াকড়ি শুধু হাতে থাকা নগদ টাকার মধ্যেই সীমাবদ্ধ নয়—ট্রাভেলার্স চেক, সাধারণ চেক, প্রমিসরি নোট এবং অন্যান্য নির্ধারিত আর্থিক দলিলও এই ঘোষণার আওতায় পড়বে। সহজ কথায়, নগদ অর্থ ও বহনযোগ্য আর্থিক দলিলের মোট মূল্য নির্ধারিত সীমা ছুঁলেই তা জানাতে হবে।
কুয়েতে ঢোকার সময় ইমিগ্রেশন ও ব্যাগেজ ক্লেইম পেরিয়ে কাস্টমস চেকপয়েন্ট অতিক্রম করার আগেই এবং দেশ ছাড়ার সময় চেক-ইন ও পাসপোর্ট নিয়ন্ত্রণ শেষে কাস্টমস এলাকা পার হওয়ার আগেই এ বিষয়গুলো সেরে নিতে হবে।
সীমান্তে কোথায় ও কীভাবে এই ঘোষণা দিতে হবে, সে বিষয়েও পরিষ্কার নির্দেশনা রয়েছে। কুয়েতে প্রবেশ বা দেশ ছাড়ার পথে সীমান্ত পয়েন্টগুলোর নির্ধারিত কাস্টমস ডিক্লারেশন কাউন্টার বা কাস্টমস ডেস্কে গিয়ে ভ্রমণকারীদের এ তথ্য জানাতে হবে।
বিশেষ করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন টার্মিনাল ও প্রাইভেট অ্যাভিয়েশন পয়েন্টের আগমন-প্রস্থান গেটের কাস্টমস কেন্দ্র, স্থলবন্দর এবং সমুদ্রবন্দরগুলোর কাস্টমস ঘোষণা ডেস্কে নির্ধারিত ফর্ম পূরণ করে বা কর্মকর্তাদের কাছে সরাসরি ঘোষণা দেওয়া যায়, পাশাপাশি কাস্টমস প্রশাসনের নির্ধারিত আনুষ্ঠানিক বা ডিজিটাল ব্যবস্থাও ব্যবহার করা সম্ভব।
কুয়েতের অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন ১০৬/২০১৩-এর ২০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বহন করা অর্থের উৎস এবং ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে কাস্টমস কর্তৃপক্ষ ভ্রমণকারীর কাছে জানতে চাইতে পারে, আর এ ক্ষেত্রে তথ্য গোপন করা, ভুল তথ্য দেওয়া বা ঘোষণার দায় এড়ানোর কোনো সুযোগ নেই।
আইনটির ৩৭ নম্বর অনুচ্ছেদে এ ধরনের লঙ্ঘনের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের পাশাপাশি বহন করা অর্থের মূল্যের অর্ধেক থেকে সমপরিমাণ পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে,পরিস্থিতি ও অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই কার্যকর হতে পারে।
এর বাইরে বহন করা অর্থের সঙ্গে অর্থপাচার, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসে অর্থায়নের যোগসূত্র পাওয়া গেলে কর্তৃপক্ষ পুরো অর্থ বা এর একটি অংশ জব্দ করতে পারে,এমনকি প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হলে বা দেওয়া তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ জাগলেও অর্থ জব্দের আইনি ক্ষমতা রয়েছে।
তাই দেশে যাওয়া-আসা করা প্রবাসীদের প্রতি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে—নির্ধারিত সীমার বেশি অর্থ বা আর্থিক দলিল সঙ্গে রাখাই অপরাধ নয়, বরং আইন মেনে সময়মতো তত্য না জানানো বা তথ্য লুকানো বড় আইনি বিপদ ডেকে আনতে পারে।



